গুগল ম্যাপে আসছে এআই অ্যাসিস্ট্যান্ট ‘জেমিনাই’, জেনেনিন কী মিলবে সুবিধে?

গুগলের জনপ্রিয় ন্যাভিগেশন অ্যাপ গুগল ম্যাপে এবার এক বিপ্লবী পরিবর্তন আসতে চলেছে। কোম্পানি তাদের শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনাই (Gemini)-কে যুক্ত করছে এই ম্যাপে। এর ফলে কোনো রকম হাতের ব্যবহার ছাড়াই, কেবল কথোপকথনের মাধ্যমেই ব্যবহারকারীরা এখন থেকে নেভিগেট করতে পারবেন।

গুগল ম্যাপে জেমিনাই যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীরা সাধারণ কথা বলার মতোই প্রশ্ন করে দিকনির্দেশনা পেতে পারবেন।

কথা বলুন, কাজ হবে!

এনগ্যাজেটের (Engadget) প্রতিবেদন অনুযায়ী, এই নতুন ফিচারটি কীভাবে কাজ করবে তার কিছু উদাহরণ নিচে দেওয়া হলো:

  • প্রশ্ন: ব্যবহারকারী বলতে পারেন, “আমার রুটের কয়েক মাইলের মধ্যে কি বাজেট-ফ্রেন্ডলি জাপানি রেস্টুরেন্ট আছে?”
  • পাল্টা প্রশ্ন: জেমিনাই উত্তর দেওয়ার পর ব্যবহারকারী জিজ্ঞেস করতে পারবেন, “ওখানে পার্কিং আছে?” বা “কোন খাবারটা বেশি জনপ্রিয়?”
  • যাত্রা শুরু: গন্তব্য ঠিক হয়ে গেলে শুধু বললেই হবে, “ওকে, লেটস গো দেয়ার (Okay, let’s go there)।” সঙ্গে সঙ্গেই সেই জায়গার দিকনির্দেশনা চালু হয়ে যাবে।

শুধু নেভিগেশন নয়, আরও অনেক কিছু:

জেমিনাইকে শুধু দিকনির্দেশনা দিতেই নয়, আরও বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে:

  • ক্যালেন্ডার সংযোগ: গুগল ক্যালেন্ডারের সঙ্গে সংযোগ করিয়ে আপনি বলতে পারবেন, “কাল বিকেলে একটা মিটিং যোগ করো,” এবং জেমিনাই কোনো অ্যাপ ছাড়াই কাজটি করে দেবে।
  • রিয়েল-টাইম রিপোর্ট: রাস্তায় দুর্ঘটনা বা জলাবদ্ধতা দেখলে ব্যবহারকারী কেবল বললেই হবে, “সামনে জলাবদ্ধতা আছে” বা “আমি একটি দুর্ঘটনা দেখেছি”। সঙ্গে সঙ্গে তথ্যটি ম্যাপে চলে যাবে এবং অন্য ব্যবহারকারীদের জন্য কাজে আসবে।

ধীরে ধীরে আসছে সব অঞ্চলে:

গুগল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস (Android ও iOS) ব্যবহারকারীদের জন্য সব অঞ্চলে ধীরে ধীরে এই ফিচারটি আসবে। ভবিষ্যতে এটি অ্যান্ড্রয়েড অটোতেও (Android Auto) যুক্ত হবে।

ল্যান্ডমার্ক ধরে দিকনির্দেশনা:

এছাড়াও, যুক্তরাষ্ট্রে ম্যাপের ব্যবহার আরও সহজ করতে যুক্ত হচ্ছে নতুন কিছু এআই ফিচার। এখন থেকে ম্যাপ দিকনির্দেশনা দেবে চেনা চিহ্ন বা ল্যান্ডমার্ক অনুযায়ী।

  • আগে: বলা হতো, ‘৫০০ ফিট পরে বাম দিকে যাবে’।
  • এখন জেমিনাই বলবে: ‘থাই সিয়াম রেস্টুরেন্ট পার হওয়ার পর বামে যাবে’। ম্যাপে সেই ল্যান্ডমার্কও হাইলাইট হয়ে থাকবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন থেকে রাস্তায় যানজট বা দুর্ঘটনার মতো ব্যাঘাতের বিষয়ে আগাম নোটিফিকেশন পাবেন, এমনকি তাঁরা ন্যাভিগেশন চালু না রাখলেও।

লেন্স ফিচার:

এই মাসের শেষ দিকে আসছে আরও একটি আকর্ষণীয় সংযোজন— লেন্স (Lens) ফিচার। এতে ম্যাপের সার্চ বারে থাকা ক্যামেরা আইকনে ট্যাপ করে কোনো দোকান বা স্থাপনা লক্ষ্য করে শুধু জিজ্ঞেস করলেই হবে, “এটা কোন জায়গা এবং কেন বিখ্যাত?” আর জেমিনাই সেই জায়গার তথ্য ও জনপ্রিয়তার কারণ জানিয়ে দেবে।