৯ হাজার ঘণ্টা পর্যন্ত থাকবে লিথিয়াম ব্যাটারির চার্জ, নতুন প্রযুক্তি আবিষ্কার

বৈদ্যুতিক গাড়ি (Electric Vehicle) এবং বিদ্যুৎ গ্রিডের জন্য আরও উন্নত, টেকসই ও কার্যকর ব্যাটারির সন্ধানে এক যুগান্তকারী অগ্রগতি এনেছেন চীনের বিজ্ঞানীরা। তাঁরা এমন এক নতুন ব্যাটারি প্রযুক্তি আবিষ্কার করেছেন, যা লিথিয়াম ব্যাটারির আয়ু প্রায় নয় হাজার ঘণ্টা পর্যন্ত বাড়াতে পারে বলে দাবি করা হচ্ছে। এই অগ্রগতি ভবিষ্যতে বিদ্যুৎ সঞ্চয়ের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে পারে।

লিথিয়াম ধাতু ব্যবহার করে তৈরি ব্যাটারি প্রচুর পরিমাণে বিদ্যুৎ সঞ্চয় করতে পারে, যা আধুনিক প্রযুক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এতে ব্যবহৃত তরল ইলেকট্রোলাইট লিক হওয়া এবং আগুন ধরে যাওয়ার মতো ঝুঁকি তৈরি করে। এছাড়াও, চার্জিংয়ের সময় ব্যাটারির ভেতরে লিথিয়াম ধাতু সূঁচ বা শাখার মতো আকারে বেড়ে ওঠে, যা ব্যাটারির নিরাপত্তা ও কার্যকারিতা কমিয়ে দেয়।

জেল ইলেকট্রোলাইটে সমাধান

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, এই সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করবে ‘ডিপ ইউটেকটিক জেল ইলেকট্রোলাইটস’ বা ডিইজিইএস (DEGES) নামের নতুন ধরনের ইলেকট্রোলাইট। কারণ এগুলোতে চার্জ পরিবহণের সক্ষমতা বেশি এবং এদের স্বাভাবিকভাবেই তাপ সহনশীলতা থাকে। ফলে এর ব্যবহারে লিক হওয়া বা আগুন লাগার ঝুঁকি কমানো সম্ভব।

নানকি ইউনিভার্সিটি (Nankai University)-এর অধ্যাপক তিয়ানফেই লিউ-এর নেতৃত্বাধীন গবেষকরা ফ্লোরিনওয়ালা ‘অ্যামাইড’ নামে এক রাসায়নিকভিত্তিক নতুন ইলেকট্রোলাইট তৈরি করেছেন। তাঁরা ‘২,২,২-ট্রাইফ্লুরো-এন-মিথাইল্যাসিটামাইড’ নামের এই রাসায়নিক ব্যবহার করে ছোট ও কার্যকর এক ব্যাটারি সিস্টেম তৈরি করেছেন।

৯০০০ ঘণ্টারও বেশি স্থায়ী ব্যাটারি

বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটি’তে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এই নতুন ইলেকট্রোলাইট ব্যবহার করে চার্জিংয়ের সময় লিথিয়ামের ক্ষতিকর সূঁচের মতো গঠন তৈরি হয় না, পাশাপাশি আগুন লাগা বা শর্টসার্কিটের ঝুঁকিও বাড়ে না।

গবেষকরা লিখেছেন, “আমরা ফ্লোরিনওয়ালা অ্যামাইড ব্যবহার করে একাধিক ধরনের ডিইজিইএস তৈরি করেছি, যেখানে ফ্লোরিনের ইলেকট্রন টানার সক্ষমতাকে কাজে লাগানো হয়েছে।”

পরীক্ষায় দেখা গেছে, নতুন এই ইলেকট্রোলাইট সিস্টেম ব্যবহার করে তৈরি ব্যাটারির চার্জ নয় হাজার ঘণ্টারও বেশি সময় ধরে স্থিতিশীলভাবে কাজ করেছে। কিছু ব্যাটারি আড়াইশ বার চার্জ দেওয়ার পরেও তাদের ৮০ শতাংশের বেশি চার্জড হওয়ার সক্ষমতা ধরে রাখতে পেরেছে। শুধু তাই নয়, নতুন এই ব্যাটারি সিস্টেমটি প্রায় ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ভালোভাবে কাজ করেছে এবং তিনশ বার চার্জ দিলেও তা নষ্ট হয়নি। অধ্যাপক তিয়ানফেই লিউ বলেন, “আমাদের গবেষণায় উঠে এসেছে, কীভাবে সুনির্দিষ্টভাবে অণুস্তরীয় নকশা তৈরি করে একসঙ্গে লিথিয়াম মেটাল ব্যাটারির একাধিক সমস্যা সমাধান করা যায়।”