ড্রাইভিং নিরাপত্তায় স্মার্ট প্রযুক্তি ব্যবহার করছেন তো, জেনেনিন এর সম্পর্কে?

প্রতিদিন খবরের কাগজ খুললেই সড়ক দুর্ঘটনার মর্মান্তিক খবর চোখে পড়ে। স্কুলছাত্র, ডেলিভারি রাইডার বা সাধারণ পথচারী— কারও না কারও পরিবারে নেমে আসে অন্ধকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক প্রযুক্তি ও স্মার্ট ডিভাইসগুলির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে বাংলাদেশেও এই দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
ধীরে ধীরে বাংলাদেশেও স্মার্ট রোড সেফটি প্রযুক্তি জনপ্রিয়তা পাচ্ছে। আসুন জেনে নিই সেই ৬টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যা সড়ক নিরাপত্তায় বড় পরিবর্তন আনতে পারে:
১. স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম (Smart Traffic Management System): এই সিস্টেমে সিগন্যাল ও রাস্তার বিভিন্ন স্থানে বসানো সেন্সর এবং ক্যামেরা কাজ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) রিয়েল টাইমে তথ্য বিশ্লেষণ করে দ্রুত চিহ্নিত করে— কোনো গাড়ি অতিরিক্ত গতিতে চলছে কিনা, লেনের নিয়ম ভঙ্গ করছে কিনা, বা দুর্ঘটনাপ্রবণ এলাকা কোনটি। এর মাধ্যমে ট্রাফিক কর্তৃপক্ষ আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে। স্মার্ট সিগন্যাল লাইট স্বয়ংক্রিয়ভাবে সময় পরিবর্তন করে যানজট কমাতেও সাহায্য করে।
২. গাড়ি নিরাপত্তা প্রযুক্তি (Vehicle Safety Technology): আধুনিক গাড়ি ও মোটরবাইকে এখন যুক্ত হচ্ছে অত্যাধুনিক সেফটি ফিচার। যেমন:
অটোমেটিক ব্রেকিং সিস্টেম: হঠাৎ সামনে কোনো বাধা এলে নিয়ন্ত্রিতভাবে গাড়িকে থামতে সাহায্য করে।
লেন ডিপারচার ওয়ার্নিং: গাড়ি নিজের লেন থেকে সরে গেলে চালককে সতর্ক করে।
ব্লাইন্ড স্পট ডিটেকশন সেন্সর: গাড়ির অদৃশ্য পাশে অন্য যানবাহন থাকলে তা চালককে জানায়।
এই প্রযুক্তিগুলি চালকের সচেতনতা বাড়াতে এবং মানবিক ভুল কমাতে বড় ভূমিকা রাখে।
৩. স্মার্ট হেলমেট (Smart Helmet): মোটরবাইকের জন্য স্মার্ট হেলমেট শুধু মাথা রক্ষার গিয়ার নয়, এটি একটি চলন্ত গ্যাজেট। এতে জিপিএস, ব্লুটুথ, স্পিড সেন্সর এবং দুর্ঘটনা শনাক্তকরণ ব্যবস্থা থাকে। দুর্ঘটনা ঘটলে এটি স্বয়ংক্রিয়ভাবে জরুরি নম্বরে চালকের সঠিক অবস্থান জানিয়ে দেয়। কিছু অত্যাধুনিক হেলমেটে ফেস রিকগনিশন ফিচারও থাকে, যা হেলমেট ছাড়া বাইক চালু করতে দেয় না।
৪. জিপিএস ও টেলিম্যাটিক্স ট্র্যাকিং (GPS and Telematics Tracking): এই সিস্টেমে গাড়ির অবস্থান, গতি ও রুট রিয়েল টাইমে ট্র্যাক করা হয়। লজিস্টিক ও ডেলিভারি সংস্থাগুলি এই সিস্টেম ব্যাপকভাবে ব্যবহার করে। টেলিম্যাটিক্স ডিভাইস চালকের বিপজ্জনক আচরণ যেমন হঠাৎ ব্রেক করা বা তীব্র মোড় নেওয়া রেকর্ড করে, যা ঝুঁকিপূর্ণ চালকদের চিহ্নিত করতে সাহায্য করে।
৫. সেফ রাইডিং ও সচেতনতা অ্যাপ (Safe Riding and Awareness Apps): আই ট্রেকার, হ্যালো এইচপি-এর মতো কিছু নিরাপদ ড্রাইভিং অ্যাপ চালু হয়েছে। এগুলো চালকের গতি, রাইডের ধরন এবং সামগ্রিক আচরণ বিশ্লেষণ করে একটি রিপোর্ট দেয়, যাতে চালক জানতে পারেন কোথায় তার ভুল হচ্ছে এবং কীভাবে তিনি নিজেকে শুধরে নিতে পারেন। তবে বাংলাদেশে এর ব্যবহার এখনও সীমিত।
৬. কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence – AI): এআই ট্রাফিক বিশ্লেষণ এবং দুর্ঘটনা পূর্বাভাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি রাস্তার আলো, আবহাওয়া, যানবাহনের ঘনত্ব ইত্যাদি ডেটা বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে। এছাড়া, ভার্চুয়াল রিয়েলিটি ট্রেনিং সিমুলেটরের মাধ্যমে নতুন চালকদের নিরাপদ পরিবেশে বাস্তব রাস্তার পরিস্থিতি সম্পর্কে প্রশিক্ষিত করা হচ্ছে।