রেডিট কি ‘সমস্যাজনক’ প্ল্যাটফর্ম, জেনেনিন কি বলছেন ব্যবহারকারীরা?

ফেসবুক, ইনস্টাগ্রাম বা এক্স (টুইটার)–এর মতো পরিচিত না হলেও, রেডিট (Reddit) পৃথিবীর নানা প্রান্তে জনপ্রিয় একটি টেক্সট-ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করে, ছবি, লিংক বা মতামত শেয়ার করে। কিন্তু আজ (২২ অক্টোবর) সকাল থেকে এই প্ল্যাটফর্ম নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বুয়েট শিক্ষার্থীর অনলাইন কার্যকলাপ।
ওই শিক্ষার্থীর অনলাইন কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই দেশের সচেতন মহলে প্রশ্ন উঠেছে— রেডিট কী? কেন এটি বিতর্কিত? আর কেনই বা এটি এত জনপ্রিয়?
রেডিট কীভাবে কাজ করে?
রেডিটকে সহজ ভাষায় একটি অনলাইন ফোরাম বলা যেতে পারে। তবে এর কিছু বিশেষত্ব রয়েছে:
- সাবরেডিট (Subreddit): রেডিটে প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা গ্রুপ বা কমিউনিটি থাকে, যেগুলোকে ‘সাবরেডিট’ বলা হয়। খেলাধুলা, প্রযুক্তি, রান্না, বা শিক্ষা— আপনার আগ্রহের যেকোনো বিষয় এখানে খুঁজে পাবেন।
- পোস্ট ও ভোটিং: ব্যবহারকারীরা এখানে নিজেদের আগ্রহের পোস্ট, লিংক, ছবি বা ভিডিও শেয়ার করতে পারে। অন্যান্য ব্যবহারকারীরা সেই পোস্ট বা মন্তব্যের ওপর ‘আপভোট’ (পছন্দ) বা ‘ডাউনভোট’ (অপছন্দ) দিতে পারে। যার ফলে ভালো পোস্টগুলি দ্রুত উপরে উঠে আসে এবং বিতর্কিত বা কম গুরুত্বপূর্ণ পোস্টগুলো নিচে চলে যায়।
- অ্যানোনিমাস আইডি (Anonymous ID): রেডিট-এর একটি বড় অংশ ব্যবহারকারীই গোপন নাম বা ছদ্মনাম (অ্যানোনিমাস আইডি) ব্যবহার করেন। এটি যেমন অনেক সময় স্বাধীন মত প্রকাশের সুযোগ দেয়, তেমনই এর চরম অপব্যবহারের সুযোগও থাকে।
- ভলান্টিয়ার নিয়ন্ত্রণ: প্রতিটি সাবরেডিট-এর নিজস্ব নিয়ম থাকে এবং সেগুলোর নিয়ন্ত্রণ করেন ভলান্টিয়ার মডারেটররা।
কেন রেডিটকে ‘সমস্যাজনক’ বলা হয়?
রেডিটের সবচেয়ে বড় সমস্যা হলো এর মডারেশন বা নজরদারি। অনেক সাবরেডিটে কঠোর নিয়ম মানা হলেও, কিছু গ্রুপে মডারেটরদের নিয়ন্ত্রণ শিথিল। এই সুযোগে অনেকেই গোপন আইডির আড়ালে থেকে ঘৃণামূলক বক্তব্য, অশালীন মন্তব্য, ভুল তথ্য বা নারীবিদ্বেষী কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করেন। এই অনিয়ন্ত্রিত স্বাধীনতা এবং অ্যানোনিমাস আইডির সুযোগই রেডিটকে মাঝে মাঝে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে।
বুয়েট বিতর্কের কেন্দ্রে রেডিট
সম্প্রতি বুয়েট শিক্ষার্থীকে ঘিরে তৈরি হওয়া বিতর্কটি রেডিটের নেতিবাচক দিকটিকেই সামনে এনেছে। জানা যায়, ওই শিক্ষার্থী একটি অ্যাননিমাস রেডিট অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। সেই পোস্টের স্ক্রিনশট দ্রুত ভাইরাল হতেই ক্যাম্পাসে তীব্র প্রতিবাদ শুরু হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীকে বরখাস্ত করে এবং পুলিশের কাছে মামলা দায়ের করে।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে— রেডিটের মতো গোপন আইডিনির্ভর প্ল্যাটফর্মগুলো কতটা নিরাপদ এবং এই ধরনের প্ল্যাটফর্মের ব্যবহার কীভাবে আইন ও নৈতিকতার সীমারেখার মধ্যে নিয়ন্ত্রণ করা সম্ভব? রেডিট আলোচনার একটি মুক্ত প্ল্যাটফর্ম হলেও, এর ব্যবহারকারীদের মনে রাখতে হবে— অনলাইনে মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে অবশ্যই দায়িত্ববোধ জরুরি। সেই স্বাধীনতা যেন অন্যের সম্মান ও আইনের সীমারেখা অতিক্রম না করে।