ChatGPT-তে যুক্ত হলো নতুন ফিচার, জেনেনিন কী কী সুবিধা পাবেন?

ওপেনএআই-এর আবিষ্কার চ্যাটজিপিটি (ChatGPT) ইতিমধ্যেই আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। প্রযুক্তি দুনিয়ায় এক আশীর্বাদ হয়ে ওঠা এই এআই যেকোনো প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে কবিতা লেখা, গণিত সমাধান বা অফিসের রিপোর্ট তৈরি—সব কাজেই সাহায্য করে। এবার এই চ্যাটজিপিটি-কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে ওপেনএআই।
প্ল্যাটফর্মটিতে যুক্ত হতে চলেছে নতুন এক যুগান্তকারী ফিচার, যার নাম ‘পালস’ (Pulse)। এই নতুন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি আর শুধু প্রশ্ন করলে উত্তর দেবে না, এটি নিজে থেকেই আপনাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবে এবং সাহায্য করবে। অর্থাৎ, এআই এবার হতে চলেছে আপনার ব্যক্তিগত সহকারী।
কীভাবে কাজ করবে এই ‘পালস’?
এখন পর্যন্ত চ্যাটজিপিটি ছিল একটি ‘রিঅ্যাক্টিভ’ (Reactive) টুল, অর্থাৎ ব্যবহারকারী প্রশ্ন করলে তবেই সে উত্তর দিত। কিন্তু ‘পালস’-এর মাধ্যমে এটি ‘প্রোঅ্যাক্টিভ’ (Proactive) হয়ে উঠছে। এটি আপনার প্রয়োজন বোঝার চেষ্টা করবে এবং নিজে থেকেই সাহায্য করতে এগিয়ে আসবে।
- তথ্যের প্যাকেজ: ‘পালস’ ব্যবহারকারীর সাম্প্রতিক চ্যাট, পছন্দের বিষয় এবং অন্যান্য ডেটা বিশ্লেষণ করবে। এরপর প্রতিদিন সকালে এটি আপনাকে তৈরি করে দেবে আপনার জন্য বিশেষভাবে তৈরি একটি তথ্যের প্যাকেজ।
- ডায়েট চার্ট: ধরুন আপনি পালসকে আপনার ডায়েট সম্পর্কে বললেন। পালস আপনার ফোনের সব ডেটা, চ্যাট অ্যানালিসিস করে আপনার উপযোগী একটি ডায়েট চার্ট তৈরি করে দেবে।
- ভ্রমণ গাইড: কোনো স্থানের নাম লিখলে, সেখানকার হোটেল-মোটেল থেকে শুরু করে দর্শনীয় স্থান, খাবার—সবকিছু সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেবে পালস।
ওপেনএআই জানিয়েছে, এই ফিচারটি যেন আপনার জন্য সারারাত কাজ করা একজন ব্যক্তিগত সহকারী।
কারা ব্যবহার করতে পারবে?
আপাতত শুধুমাত্র প্রো ব্যবহারকারীরা এই ‘পালস’ ফিচারটি ব্যবহার করার সুযোগ পাবেন। তবে সংস্থা ঘোষণা করেছে, খুব শিগগির প্লাস ব্যবহারকারীদের জন্যও এটি নিয়ে আসা হবে।
‘পালস’ ফিচারটি নিঃসন্দেহে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে এক অন্যতম আবিষ্কার, যা আমাদের দৈনন্দিন জীবনকে আরও বেশি সহজ এবং ব্যক্তিগতকৃত করতে চলেছে।