স্রেফ ‘মজার জন্য’ নিজের স্কুলে হ্যাকিং চালায় ব্রিটিশ শিশুরা, উদ্বেগজনক পরিস্থিতি

যুক্তরাজ্যের তথ্য কমিশনারের দপ্তর (ICO) জানিয়েছে, দেশটির স্কুল ও কলেজগুলোতে সাইবার হামলা এবং তথ্য ফাঁসের অর্ধেকেরও বেশি ঘটনার জন্য স্বয়ং শিক্ষার্থীরাই দায়ী। এই সংস্থাটি স্কুলগুলোকে সতর্ক করে বলেছে যে, শিক্ষার্থীরা ‘মজার ছলে’ বা নিজেদের দক্ষতা পরীক্ষা করার জন্য হ্যাকিং কার্যক্রমে অংশ নিচ্ছে, যা একটি ‘উদ্বেগজনক প্রবণতা’ হিসেবে চিহ্নিত হয়েছে। এটি অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় হুমকি।

আইসিও-এর প্রধান সাইবার বিশেষজ্ঞ হিদার টুমি বলেন, “স্কুলে এই ধরনের কার্যক্রম সাধারণত নিছক দুঃসাহসিকতা বা কৌতূহল থেকে শুরু হয়। কিন্তু এটি শেষ পর্যন্ত শিশুদের এমন ক্ষতিকর সাইবার হামলায় ঠেলে দিতে পারে, যা কোনো সংস্থা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর বড় ধরনের আঘাত হানবে।” সম্প্রতি এমঅ্যান্ডএস ও জাগুয়ার ল্যান্ড রোভারের মতো বড় সংস্থাগুলোতে গুরুতর সাইবার হামলার ঘটনা ঘটেছে, যার সঙ্গে কিশোর হ্যাকারদের জড়িত থাকার প্রমাণ মিলেছে।

২০২২ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ২১৫টি সাইবার হামলার ঘটনার তদন্তে আইসিও দেখেছে যে, ৫৭ শতাংশ হামলার পেছনেই শিশুরা জড়িত। এর মধ্যে এক-তৃতীয়াংশ ঘটনায় শিক্ষার্থীরা কর্মীদের কম্পিউটার সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করেছে, যেখানে তারা পাসওয়ার্ড চুরি বা অনুমান করে এ কাজ করেছে। কিছু ঘটনায় শিক্ষার্থীরা ৯ হাজারেরও বেশি শিক্ষক, শিক্ষার্থী ও আবেদনকারীর ব্যক্তিগত তথ্য (নাম, ঠিকানা, স্বাস্থ্য তথ্য ইত্যাদি) পরিবর্তন বা মুছে ফেলার চেষ্টা করেছে। এই ধরনের ঘটনার প্রবণতা বাড়ছে, যা যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক সাইবার নিরাপত্তা সমীক্ষাতেও উঠে এসেছে।