২.৫ বিলিয়ন গুগল ব্যবহারকারী ঝুঁকির মুখে? হ্যাকারদের ফাঁদ থেকে বাঁচতে যা করবেন

বর্তমানে ই-মেইল ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের এক অপরিহার্য মাধ্যম, যেখানে ব্যাংকিং থেকে শুরু করে বিভিন্ন সংবেদনশীল তথ্য থাকে। গুগলের জি-মেইল ব্যবহারকারীর সংখ্যা এখন ২.৫ বিলিয়নেরও বেশি, আর এই বিশাল ব্যবহারকারীগোষ্ঠীই সাইবার হুমকির মুখে পড়েছে। সম্প্রতি বিভিন্ন নিরাপত্তা বিশেষজ্ঞের রিপোর্টে জানা গেছে, হ্যাকাররা নতুন নতুন পদ্ধতিতে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অনুপ্রবেশের চেষ্টা করছে। এমনকি, গুগলের বিপুল পরিমাণ তথ্য ফাঁস হওয়ার খবরও পাওয়া যাচ্ছে।
তবে সচেতনতা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা মেনে চললে আপনার জি-মেইল অ্যাকাউন্ট অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা।
শক্তিশালী পাসওয়ার্ড কী এবং কীভাবে তৈরি করবেন?
একটি শক্তিশালী পাসওয়ার্ড হলো এমন একটি পাসওয়ার্ড, যা সহজে অনুমান বা হ্যাক করা যায় না। এটি আপনার অ্যাকাউন্টের সুরক্ষার প্রথম এবং প্রধান ধাপ।
একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরির জন্য নিচের বিষয়গুলো মেনে চলুন:
- দৈর্ঘ্য: কমপক্ষে ১২ অক্ষরের একটি জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন।
- অক্ষরের মিশ্রণ: পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর (A-Z), ছোট হাতের অক্ষর (a-z), সংখ্যা (0-9), এবং বিশেষ চিহ্নের (যেমন: !, @, #, $, %, ^, &) মিশ্রণ ব্যবহার করুন।
- ব্যক্তিগত তথ্য নয়: নিজের জন্মতারিখ, মোবাইল নম্বর, নাম বা প্রিয়জনের নাম, কিংবা সহজে অনুমান করা যায় এমন কোনো তথ্য ব্যবহার করা থেকে বিরত থাকুন।
- অভিধানের শব্দ নয়: কোনো ইংরেজি অভিধানের শব্দ বা কোনো পরিচিত শব্দ ব্যবহার করবেন না।
- পাসওয়ার্ড পরিবর্তন: আপনার পাসওয়ার্ড নিয়মিত, অর্থাৎ প্রতি কয়েক মাস অন্তর পরিবর্তন করুন।
- একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে নয়: বিভিন্ন অ্যাকাউন্টের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন।
পাসওয়ার্ড ছাড়াও যে বিষয়গুলোতে নজর রাখবেন
পাসওয়ার্ড ছাড়াও আপনার জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে আরও কিছু জরুরি পদক্ষেপ নিতে পারেন:
- টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA): এটি একটি অতিরিক্ত সুরক্ষার স্তর। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ফোনে আসা একটি কোড দিলেই কেবল অ্যাকাউন্টে ঢোকা যাবে, যা হ্যাকারদের জন্য কাজ কঠিন করে দেয়।
- ফিশিং ই-মেইল থেকে সতর্ক থাকুন: অপরিচিত উৎস থেকে আসা কোনো ই-মেইল, লিংক বা অ্যাটাচমেন্টে ক্লিক করবেন না।
- গুগলের সিকিউরিটি চেকআপ: গুগলের সিকিউরিটি চেকআপ টুল ব্যবহার করে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাই করুন এবং যেকোনো দুর্বলতা থাকলে তা ঠিক করুন।
এই সহজ পদক্ষেপগুলো মেনে চললে আপনার জি-মেইল অ্যাকাউন্ট হ্যাকারদের হাত থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে।