ল্যাপটপ বার বার হ্যাং হলে যা করবেন, জেনেনিন সহজ কিছু উপায়
August 30, 2025

এখনকার সময়ে ডেস্কটপের চেয়ে ল্যাপটপের ব্যবহার অনেক বেড়ে গেছে। অফিস, পড়াশোনা বা অন্য যে কোনো কাজের জন্য ল্যাপটপের উপর আমাদের নির্ভরশীলতা বাড়ছে। কিন্তু অনেকেই একটি বিরক্তিকর সমস্যার মুখোমুখি হন, আর তা হলো ল্যাপটপ হ্যাং বা ফ্রিজ হয়ে যাওয়া। কাজের মাঝখানে এমনটা হলে সময় নষ্ট হয় এবং গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যাওয়ার ভয় থাকে।
আসুন, এই সমস্যার কয়েকটি কারণ এবং তার সহজ সমাধান জেনে নিই।
ল্যাপটপ হ্যাং হওয়ার কারণ
- র্যাম বা মেমোরির সমস্যা: যদি একই সাথে অনেকগুলো সফটওয়্যার বা ব্রাউজারের ট্যাব খোলা থাকে, তাহলে র্যামের উপর অনেক চাপ পড়ে, যার কারণে ল্যাপটপ হ্যাং করতে পারে।
- হার্ডডিস্কের সমস্যা: পুরনো বা ধীর গতির হার্ডডিস্কের কারণে ডেটা লোড হতে বেশি সময় লাগে। এছাড়াও হার্ডডিস্কে কোনো সমস্যা হলে ল্যাপটপ ঘন ঘন হ্যাং হয়।
- অতিরিক্ত গরম হওয়া: দীর্ঘক্ষণ ল্যাপটপ ব্যবহার করলে বা এর কুলিং সিস্টেম ঠিকমতো কাজ না করলে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যায়। এর ফলে প্রসেসরের গতি কমে যায় এবং ল্যাপটপ ফ্রিজ হতে পারে।
- ভাইরাস: অনিরাপদ অ্যাপ বা ম্যালওয়্যার ব্যাকগ্রাউন্ডে কাজ করে ল্যাপটপের গতি কমিয়ে দেয় এবং হ্যাং করায়।
- সিস্টেম আপডেট: অপারেটিং সিস্টেম বা ড্রাইভার যদি পুরনো থাকে, তাহলে সিস্টেমে সমস্যা দেখা দিতে পারে।
সমাধান কী?
- র্যাম ঠিক রাখুন: একসঙ্গে অনেকগুলো অ্যাপ বা ট্যাব খুলে কাজ করা থেকে বিরত থাকুন। যদি কোনো অ্যাপ বেশি র্যাম ব্যবহার করে, তাহলে সেটি টাস্ক ম্যানেজার থেকে বন্ধ করে দিন। প্রয়োজন হলে র্যাম আপগ্রেড করতে পারেন।
- স্টোরেজ পরিষ্কার রাখুন: ল্যাপটপের হার্ডডিস্কে সবসময় অন্তত ২০ শতাংশ জায়গা খালি রাখুন। অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন। ভালো গতি পেতে চাইলে হার্ডডিস্কের বদলে এসএসডি (SSD) ব্যবহার করতে পারেন।
- ভাইরাস স্ক্যান: একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে নিয়মিত আপনার ল্যাপটপ স্ক্যান করুন। কোনো সন্দেহজনক ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
- সিস্টেম আপডেট: নিয়মিতভাবে আপনার অপারেটিং সিস্টেম এবং ড্রাইভারগুলো আপডেট করুন।
- ঠান্ডা রাখুন: ল্যাপটপ সবসময় শক্ত এবং সমতল জায়গায় রেখে ব্যবহার করুন। অতিরিক্ত গরম হওয়া আটকাতে কুলিং প্যাড ব্যবহার করতে পারেন। ফ্যান এবং ভেন্ট নিয়মিত পরিষ্কার রাখুন যাতে ধুলো জমে গরম না হয়।
- প্রোগ্রাম নিয়ন্ত্রণ করুন: অনেক অপ্রয়োজনীয় অ্যাপ ল্যাপটপ চালু হওয়ার সাথে সাথে চলতে শুরু করে, যা ল্যাপটপকে স্লো করে দেয়। স্টার্টআপ ম্যানেজমেন্ট থেকে সেগুলো বন্ধ করে দিন।
যদি উপরের সব পদ্ধতি চেষ্টা করেও কাজ না হয়, তাহলে আপনার অপারেটিং সিস্টেমটি নতুন করে ইনস্টল বা রিসেট করতে পারেন। এতে অনেক পুরোনো সমস্যা দূর হয়ে যায়।