নিজের প্রাইভেসি সুরক্ষিত রেখে যেভাবে ‘ইনস্টাগ্রাম ম্যাপ’ ব্যবহার করবেন, জেনেনিন পদ্ধতি

ইনস্টাগ্রাম যুক্তরাষ্ট্রে নতুন ফিচার চালু করেছে যার নাম ‘ইনস্টাগ্রাম ম্যাপ’। স্ন্যাপ ম্যাপের মত কাজ করা এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের সর্বশেষ অবস্থান অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং লোকেশনভিত্তিক কনটেন্ট দেখতে পারবেন।
তবে ফিচারটির গোপনীয়তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।
মেটা বলছে, লোকেশন শেয়ারিং ডিফল্টভাবে বন্ধ থাকে। তবুও সামাজিক মাধ্যমের অনেক পোস্টে ভুলভাবে দাবি করা হচ্ছে যে এটি নিজে থেকেই চালু থাকে এবং ব্যবহারকারীদের তা বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
থ্রেডস-এ দেওয়া এক পোস্টে ইনস্ট্রাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি বলেন, “অনেক ব্যবহারকারী ধারণা করছেন তারা ম্যাপে নিজেদের দেখতে পাওয়ায় অন্যরাও তাদের দেখতে পাচ্ছেন তবে লোকেশন শেয়ার করতে চাইলে ব্যবহারকারীকে দুইবার সম্মতি দিতে হয়, প্রথমে শেয়ার করার ইচ্ছা জানানো এরপর তা নিশ্চিত করা।”
ফিচারটি সাম্প্রতিক স্টোরি বা রিলসে যুক্ত লোকেশন ট্যাগ স্বয়ংক্রিয়ভাবে ম্যাপে দেখায়। ইনস্টাগ্রামে এর আগেও লোকেশন ট্যাগ ম্যাপ ভিউতে দেখা যেত তবে নতুন ফিচার এটি আরও সহজ করে তুলেছে। ফলে অনেকেই ভবিষ্যতে লোকেশন ট্যাগসহ পোস্ট দেওয়ার আগে সতর্ক হতে পারেন বিশেষ করে যখন তারা সেই জায়গায় অবস্থান করছেন।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ প্রতিবেদনে লিখেছে, লোকেশন চালু থাকলে ইনস্টাগ্রাম ম্যাপে অবস্থান কেবল অ্যাপ খোলা বা ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অবস্থায় আপডেট হয়। এটি স্ন্যাপ ম্যাপের মতো রিয়েল-টাইমে আপডেট দেয় না।
ইনস্টাগ্রাম ম্যাপে এক্সেস মিলবে যেভাবে
নতুন এ ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে ডাইরেক্ট ম্যাসেজে যেতে হবে এরপর উপরে থাকা ‘ম্যাপ’ অপশনে চাপ দিতে হবে। প্রথমবার ফিচারটি চালু করলে একটি পপআপ মেসেজ দেখা যাবে। মেসেজটিতে লেখা থাকবে ব্যবহারকারী শেয়ার না করা পর্যন্ত কেও তার লোকেশন দেখতে পারবে না এবং যে কোনো সময় এটি পরিবর্তন করা যাবে।
লোকেশন শেয়ারিং যেভাবে সেট করবেন
প্রথমবার ম্যাপ চালুর সময় ‘হু ক্যান সি ইওর লোকেশন’ নামে একটি পেইজ আসবে। এখানে নিজের লোকেশন কাদের সঙ্গে শেয়ার করতে চান এ সম্পর্কিত কিছু অপশন আসবে যেমন- বন্ধু, কিছু নির্দিষ্ট বন্ধু, কারও সঙ্গেই নয়।
পরবর্তীতে এটা পরিবর্তন করতে চাইলে প্রোফাইলে গিয়ে উপরের ডান কোণে থাকা সেটিং অপশনে ট্যাপ করতে হবে। এরপর ‘স্টোরি, লাইভ অ্যান্ড লোকেশন’ অপশন বেছে নিয়ে ‘লোকেশন শেয়ারিং’ বাটনে যেতে হবে। এখান থেকে লোকেশন শেয়ারিং সেটিং পরিবর্তন করা যাবে।
লোকেশন শেয়ারিং বন্ধ থাকলেও অন্যরা নিজের লোকেশন শেয়ার করলে ম্যাপে দেখা যাবে।
ইনস্টাগ্রাম ম্যাপ কীভাবে ব্যবহার করবেন
ইনস্টাগ্রাম ম্যাপ ব্যবহার করতে অ্যাপ খুললেই বন্ধুদের অবস্থান দেখা যাবে, যদি তারা নিজেদের লোকেশন শেয়ার করে থাকে। এছাড়া ফলো করা ব্যক্তিদের লোকেশনভিত্তিক স্টোরি ও রিলসও এখানে দেখা যাবে।
যেমন কোনো বন্ধু যদি কাছাকাছি একটি মিউজিক ফেস্টিভালে গিয়ে সেখান থেকে স্টোরি পোস্ট করে, তা ম্যাপে দেখা যাবে। একইভাবে, ফলো করা কোনো ক্রিয়েটর যদি শহরের নতুন কোনো রেস্টুরেন্ট নিয়ে রিল পোস্ট করে, সেটিও ইনস্টাগ্রাম ম্যাপে পাওয়া যাবে।
লোকেশন বন্ধ থাকলেও ম্যাপে লোকেশনভিত্তিক কনটেন্ট দেখা যাবে। পাশাপাশি ম্যাপে অন্যদের জন্য ছোট, অস্থায়ী বার্তা বা ‘নোটস’ পোস্ট করা যাবে। ইনস্টাগ্রাম নোটস সাধারণত ডাইরেক্ট মেসেজিং ফিডের উপরে দেখা যায়, তবে ইনস্টাগ্রাম ম্যাপ চালুর পর এখন লোকেশনসহ শেয়ার করা হলে সেগুলো ম্যাপেও দেখানো হবে।