‘ডব্লিউডব্লিউডব্লিউ’ কিভাবে বদলে দিল আমাদের পৃথিবী? জেনেনিন সেই প্রযুক্তির ইতিহাস

আজ, ১লা আগস্ট, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব ওয়েব দিবস’। এই দিনটি আধুনিক ইন্টারনেটের ভিত্তি ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’ (WWW)-এর জন্মলগ্নকে স্মরণ করার একটি বিশেষ উপলক্ষ। স্যার টিম বার্নার্স-লি-কে শ্রদ্ধা জানাতে এই দিনটি পালিত হয়, যা প্রযুক্তির ইতিহাসে এক যুগান্তকারী আবিষ্কার হিসেবে চিহ্নিত।
ইন্টারনেটের মাধ্যমে পৃথিবী আজ আমাদের হাতের মুঠোয়, আর এই বিপ্লবের কেন্দ্রে রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ‘ডব্লিউডব্লিউডব্লিউ ডট’ – এই সংক্ষিপ্ত রূপটি আজ ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে অত্যন্ত পরিচিত। এটি কেবল একটি প্রযুক্তি নয়, বরং এমন একটি সিস্টেম যা ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে টেক্সট, ছবি, ভিডিওসহ বিভিন্ন তথ্য দেখতে এবং একে অপরের সাথে সংযুক্ত হতে সহায়তা করে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ছাড়া আধুনিক বিশ্বকে কল্পনা করাও কঠিন। একসময় দূরের কারো সঙ্গে যোগাযোগ করতে যেখানে বিপুল অর্থ ব্যয় করতে হতো, সেখানে এখন একটি বোতামের ক্লিকেই ভয়েস কল, চ্যাট এবং ভিডিও কল সম্ভব। তথ্য অনুসন্ধান, গান শোনা, অনলাইন খবর পড়া – হাজারো কাজ যা আজ বিশ্বকে শক্তিশালী করেছে, তার পেছনে এই ওয়েবের অবদান অনস্বীকার্য।
টিম বার্নার্স-লি: ওয়েবের জনক
স্যার টিম বার্নার্স-লি ১৯৮৯ থেকে ১৯৯৩ সালের মধ্যে এই যুগান্তকারী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন। তখন তিনি সিইআরএন (ইউরোপীয় অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ)-এ কর্মরত ছিলেন। ১৯৮৯ সালে বেলজিয়ামে এই ওয়েব তৈরির পাশাপাশি তিনি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল (HTTP)-ও তৈরি করতে সক্ষম হন। ১৯৯০ সালে তিনি ওয়েবের ধারণাটি প্রকাশ করেন এবং ১৯৯১ সালে প্রথম ওয়েব ব্রাউজার ও ওয়েব সার্ভার তৈরি করেন।
ওয়েবের বিবর্তন ও বর্তমান ব্যবহার
অন্যান্য অনেক প্রযুক্তির মতো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবও প্রথমে জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না। প্রাথমিকভাবে এটি কেবল পদার্থবিদরা তাদের গবেষণা সংক্রান্ত কাজে ব্যবহার করতেন। ১৯৯৩ সালের দিকে প্রথম গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার ‘মোজাইক’ চালু হয়, যা কেবলমাত্র কম্পিউটারে ব্যবহারের জন্য ছিল। তবে, সময়ের সাথে সাথে ওয়েবের ব্যবহার স্মার্টফোন, গেমিং ডিভাইস, ল্যাপটপ এমনকি স্মার্টওয়াচেও ছড়িয়ে পড়েছে। টিম বার্নার্স-লির তৈরি ব্রাউজারটিকে বেলজিয়ামের তথ্যপ্রযুক্তি প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী রবার্ট কাইলিয়াউ আরও উন্নত করেন।
আজকের দিনে আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি, তার মূল ভিত্তি এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাই প্রতি বছর ১লা আগস্ট এই দিনটিকে স্মরণ করা হয় সেই অসাধারণ আবিষ্কারকে, যা আমাদের জীবনকে চিরতরে বদলে দিয়েছে।