Apple-এর নতুন সফটওয়্যার আপডেটে যেসব ফিচার এল, দেখেনিন একনজরে

অ্যাপল তাদের পরবর্তী সফটওয়্যার আপডেট আইওএস ২৬ (iOS 26)-এর চতুর্থ ডেভেলপার বেটা ভার্সন প্রকাশ করেছে। এই আপডেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, যার মধ্যে অন্যতম হলো ‘লিকুইড গ্লাস’ ডিজাইনে সামান্য পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সংবাদের সারাংশ দেখানোর ফিচারটি আবার চালু করা। প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুসারে, আইওএস ২৬ এর পাবলিক বেটা ভার্সন চলতি সপ্তাহের শেষের দিকে চালু হওয়ার ঠিক আগেই এই আপডেটটি এলো।
ডেভেলপার বেটার উদ্দেশ্য ও গ্রাহকদের সুবিধা
ডেভেলপার বেটা ভার্সনের মূল উদ্দেশ্য হলো অ্যাপ নির্মাতাদের অ্যাপলের নতুন সফটওয়্যারে তাদের অ্যাপ পরীক্ষা করার সুযোগ করে দেওয়া। এর ফলে, যখন কয়েক মাস পর নতুন অপারেটিং সিস্টেমের পাবলিক ভার্সন আসবে, তখন অ্যাপ নির্মাতারা প্রস্তুত থাকতে পারবেন। গ্রাহকদের আগাম রিলিজের চাহিদার জন্য অ্যাপল বছরের পর বছর ধরে জুন মাসে ওয়ার্ল্ডওয়াইড কনফারেন্সের (WWDC) পর থেকেই বেটা ভার্সন প্রকাশ করে আসছে। এর মাধ্যমে আইফোন মালিকরা বিশ্বব্যাপী উন্মোচনের আগেই সফটওয়্যারটি হাতে পান, যদিও বেটা ভার্সনে কিছু ‘স্ট্যাবিলিটি’ এবং ‘বাগ’ (ত্রুটি) ইস্যু থাকতে পারে।
সর্বশেষ ডেভেলপার বেটা ‘আইওএস ২৬ বেটা ৪’ মূলত আসন্ন পাবলিক বেটাতে ব্যবহারকারীরা কী কী পেতে পারেন, তার একটি স্পষ্ট ধারণা দেয়।
নতুন ফিচার ও ডিজাইনে পরিবর্তন
আইওএস ২৬ বেটা ৪ প্রথমবার সফটওয়্যার আপডেট করার পর একটি ‘ওয়েলকাম’ মেসেজ দেখাবে। এছাড়াও বিভিন্ন ফিচারের জন্য ইন্ট্রোডাক্টরি স্ক্রিন যোগ করা হয়েছে, যেমন সিরি ও এআই দিয়ে নোটিফিকেশনের সারাংশ এবং অগ্রাধিকার অপশন। আইওএস ২৬-এর জন্য নতুনভাবে সাজানো ক্যামেরা অ্যাপও থাকছে।
এআই চালিত সংবাদের সারাংশ ফিচার ফিরে আসা:
এ বছরের শুরুর দিকে অ্যাপলকে তার এআই চালিত নোটিফিকেশন সারাংশ ফিচারটি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। কারণ, বিবিসি অভিযোগ করেছিল যে এই ফিচারটি একটি সংবাদ শিরোনামকে ভুলভাবে উপস্থাপন করেছিল। উদাহরণস্বরূপ, একটি সংবাদ শিরোনাম ভুলভাবে সারাংশ করে দেখানো হয়েছিল যে, ‘ইউনাইটেড হেলথ কেয়ারের নির্বাহী ব্রায়ান টম্পসনকে হত্যার অভিযোগে অভিযুক্ত লুইজি ম্যাঞ্জিওনে আত্মহত্যা করেছেন’, যা সঠিক ছিল না। এই ঘটনার পর অ্যাপল ঘোষণা দেয় যে, তারা একটি সফটওয়্যার আপডেট আনবে যা স্পষ্টভাবে দেখাবে কোন লেখাটি এআই দিয়ে সারাংশ করা হয়েছে।
বর্তমানে, এই এআই সারাংশ ফিচারের সেটআপ স্ক্রিনে, যা এখনও বেটা পর্যায়ে রয়েছে, ‘নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট’ বিভাগের অধীনে একটি সতর্কবার্তা যুক্ত করা হয়েছে। অ্যাপল সেখানে উল্লেখ করেছে “সারাংশের ফলে মূল শিরোনামের অর্থ পরিবর্তন হতে পারে” এবং ব্যবহারকারীদের “তথ্য যাচাই করার” পরামর্শ রয়েছে।
‘লিকুইড গ্লাস’ ডিজাইন ও অন্যান্য ইউজার ইন্টারফেস পরিবর্তন:
নতুন বেটার প্রাথমিক ব্যবহারকারীরা আরও লক্ষ্য করেছেন যে, অ্যাপল তাদের ইউজার ইন্টারফেসে নতুন করে ডিজাইন করা ‘লিকুইড গ্লাস’ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। যেখানে বেটা ৩-এ কিছু অ্যাপে স্বচ্ছতার পরিমাণ কমিয়ে আনা হয়েছিল, সেখানে বেটা ৪-এ আবার তা ফিরে এসেছে। টেস্টাররা লক্ষ্য করেছেন, অ্যাপ স্টোর, ফটোজ, অ্যাপল মিউজিক, ওয়েদার – এসব অ্যাপে নতুন আপডেট এসেছে। এছাড়া, নোটিফিকেশন সেন্টারে স্ক্রল করার সময় একটি ‘ডায়নামিক টিন্ট’ দেখা যাচ্ছে।
আপডেট করা এই সফটওয়্যারে নতুন ডায়নামিক ওয়ালপেপার যোগ হয়েছে, যা রং পরিবর্তন করে। নতুন ‘কারপ্লে’ ওয়ালপেপারও থাকছে।
ভবিষ্যৎ এবং অন্যান্য প্ল্যাটফর্মের আপডেট
এই তথ্য প্রকাশিত হওয়া পর্যন্ত অ্যাপলের ডেভেলপার ওয়েবসাইটে বেটা ৪-এর জন্য আনুষ্ঠানিক রিলিজ নোট প্রকাশিত হয়নি। ফলে অনুমান করা হচ্ছে, আরও কিছু নতুন ফিচার বা ছোটখাটো বাগ ফিক্স এবং পারফরম্যান্স উন্নয়নও থাকতে পারে।
এই আপডেটের পাশাপাশি অ্যাপল আরও কিছু সফটওয়্যারের নতুন বেটা ভার্সনও রিলিজ করেছে, যার মধ্যে রয়েছে আইপ্যাডওএস ২৬ বেটা ৪, ম্যাকওএস ২৬ বেটা ৪, ওয়াচওএস ২৬ বেটা ৪, টিভিওএস ২৬ বেটা ৪, ভিশনওএস ২৬ বেটা ৪ এবং এক্সকোড ২৬ বেটা ৪। এই আপডেটগুলি অ্যাপলের ইকোসিস্টেম জুড়ে এক নতুন অভিজ্ঞতার সূচনা করবে বলে আশা করা হচ্ছে।