AI-ওভারভিউ নিয়ে ইইউ’র অ্যান্টিট্রাস্ট অভিযোগে Google, জেনেনিন পুরো মামলা

গুগলের ‘AI ওভারভিউ’ ফিচারটি ইউরোপে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ফ্রান্সের প্রকাশকদের একটি অলাভজনক সংগঠন, ‘ইন্ডিপেনডেন্ট পাবলিশার্স অ্যালায়েন্স’, ইউরোপীয় কমিশনের কাছে গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, গুগলের এই নতুন AI ফিচারটি তাদের ওয়েব কনটেন্টের অপব্যবহার করছে, যার ফলে সংবাদ প্রকাশকসহ অন্যান্য প্রকাশকদের ওয়েব ট্রাফিক, পাঠক সংখ্যা এবং রাজস্বের গুরুতর ক্ষতি হচ্ছে।

প্রকাশকদের অভিযোগ, গুগল সার্চ ইঞ্জিনে AI ওভারভিউ ফিচারের মাধ্যমে তাদের তৈরি করা কন্টেন্টের সারসংক্ষেপ দেখাচ্ছে। এর ফলে বেশিরভাগ ব্যবহারকারী মূল ওয়েবসাইট বা সংবাদ সাইটে যাচ্ছেন না, যার ফলস্বরূপ প্রকাশকরা তাদের গ্রাহক হারাচ্ছেন। অভিযোগে আরও বলা হয়েছে, প্রকাশকরা যদি স্বেচ্ছায় গুগল সার্চ থেকে পুরোপুরি সরে না আসেন, তাহলে তাদের বিভিন্ন কাজকে AI সার্চে সারসংক্ষেপ হিসেবে ব্যবহার হওয়ার হাত থেকে বাঁচানোর আর কোনো উপায় থাকছে না।

মার্কিন সার্চ জায়ান্ট গুগল এক বছরেরও বেশি সময় ধরে কিছু ওয়েব সার্চ রেজাল্টের নিচে AI সামারি দেখাচ্ছে। যদিও শুরুতে এই সামারিগুলোর কিছু ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছিল, তবুও ফিচারটির ব্যবহার দিন দিন বাড়ছে। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এটি সংবাদ প্রকাশকদের ওয়েব ট্রাফিককে বড় ধরনের সংকটে ফেলছে।

এ বিষয়ে গুগলের যুক্তি ভিন্ন। তারা বলছে, তাদের “সার্চ ফিচারের নতুন AI অভিজ্ঞতা মানুষকে আরও বেশি প্রশ্ন করার সুযোগ করে দিচ্ছে, যা ব্যবহারকারীদের নতুন কন্টেন্ট তৈরি এবং ব্যবসা খুঁজে পাওয়ারও সুযোগ করে দিচ্ছে।” কোম্পানিটি আরও দাবি করেছে যে, ওয়েব ট্রাফিক বিষয়ক এসব অভিযোগ বেশিরভাগ সময়ই অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয় এবং “নানা কারণে ট্রাফিক বাড়তে বা হারাতে পারে বিভিন্ন সাইট।”

এই অভিযোগ ইউরোপীয় কমিশনের কাছে গুগলের AI নীতির বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এই বিষয়টি কীভাবে এগোয় এবং প্রকাশকদের অভিযোগের প্রেক্ষিতে গুগল কী পদক্ষেপ নেয়, তা দেখার জন্য প্রযুক্তি বিশ্ব এখন অপেক্ষা করছে।