আপনার অজান্তেই কি ফেসবুক ব্যবহার করছে ব্যক্তিগত ছবি? বিতর্ক নতুন ফিচারের ঘোষণা ঘিরে

ফেসবুক তার ব্যবহারকারীদের একটি নতুন পপ-আপ মেসেজের মাধ্যমে জিজ্ঞেস করছে, তারা কি তাদের ক্যামেরা রোল থেকে এখনও আপলোড না করা ছবি ব্যবহার করে কোলাজ, রিক্যাপ ও এআই রিস্টাইলিং করার জন্য সামাজিক নেটওয়ার্কটিকে অনুমতি দিতে চান কিনা। এই নতুন প্রক্রিয়া ঘিরে ব্যবহারকারীদের মধ্যে ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ব্যবহারকারীরা অ্যাপটিতে নতুন ‘স্টোরি’ আপলোড করলেই ফেসবুক এই বার্তাটি দেখাচ্ছে বলে এনগ্যাজেট (Engadget) জানিয়েছে। তবে এটি সবার জন্য প্রদর্শিত হচ্ছে না। মেটা (Meta) তার বার্তায় উল্লেখ করেছে, “ব্যবহারকারীদের জন্য আইডিয়া তৈরির লক্ষ্যে এটি তাদের ক্যামেরা রোল থেকে ছবি বা ভিডিও নির্বাচন করবে এবং এরপর সময়, জায়গা ও থিমের মতো তথ্যের ওপর ভিত্তি করে কোম্পানির ক্লাউডে পাঠাবে।”
বার্তাটিতে আরও বলা হয়েছে যে, বিজ্ঞাপনের উদ্দেশ্যে এই মিডিয়াগুলো ব্যবহার করা হবে না। তবে এর শব্দচয়ন নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ অনেকেই আশঙ্কা করছেন যে, মেটা তার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ট্রেইনিংয়ের জন্য ক্যামেরা রোলের ফাইলগুলো ব্যবহার করছে কিনা।
এই উদ্বেগ নিরসনে মেটা প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জকে (The Verge) আশ্বস্ত করেছে। কোম্পানিটির জনসংযোগ ব্যবস্থাপক মারিয়া কিউবেটা (Maria Cubeta) বলেছেন, “আমরা বর্তমানে এই ছবিগুলো দিয়ে এআই মডেলকে প্রশিক্ষণ দিচ্ছি না।” তিনি আরও স্পষ্ট করে বলেন, কনটেন্ট শেয়ারিংকে আরও সহজ করার প্রচেষ্টার অংশ হিসেবে মেটা “একজন ব্যক্তির ক্যামেরা রোল থেকে রেডি টু শেয়ার ও কিউরেটেড কনটেন্ট বা অন্যের তৈরি করা কনটেন্টের পরামর্শ পরীক্ষা করছে।”
কিউবেটা আরও যোগ করেছেন, “এই সাজেশনগুলো বেছে নেওয়ার সুযোগ রয়েছে এবং শুধু আপনাকে দেখানো হবে যদি মিডিয়া শেয়ার করার সিদ্ধান্ত নেন। তাছাড়া যে কোনো সময় বন্ধ করা যেতে পারে।” তিনি পুনরায় নিশ্চিত করেছেন, “এই সাজেশনগুলো উন্নত করার জন্য ক্যামেরা রোল মিডিয়া ব্যবহার করা হতে পারে, কিন্তু এআই মডেল উন্নত করার জন্য ব্যবহার করা হচ্ছে না।”
এই পরীক্ষামূলক ফিচারটি সীমিত পরিসরে ব্যবহারকারীদের কাছে পৌঁছেছে, যদিও কিছু ব্যবহারকারী এই বছরের শুরু থেকেই এটি দেখতে পাচ্ছেন। ফেসবুকের ইতিমধ্যেই একটি হেল্প পেইজ রয়েছে, যেখানে ব্যবহারকারীদের ‘ক্রিয়েটিভ আইডিয়াস উইথ ক্যামেরা রোল ক্লাউড প্রসেসিং’ (Creative Ideas with Camera Roll Cloud Processing) অপশনটি কীভাবে অ্যালাও (Allow) বা ডিসঅ্যালাও (Disallow) করা যায়, তার নির্দেশনা দেওয়া আছে।
যারা এর আগে এই বিষয়ে বার্তা আসার পর ‘অ্যালাও’ এ ক্লিক করেছিলেন, তারা ‘সেটিংসে’ (Settings) গিয়ে ‘প্রেফারেন্স’ (Preferences) এর অধীনে ‘ক্যামেরা রোল শেয়ারিং সাজেশন’ (Camera Roll Sharing Suggestions) অংশে গিয়ে এটি বন্ধ করতে পারবেন।
এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজ করার চেষ্টা করা হলেও, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা মেটার জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।