নেটফ্লিক্স টিভি অ্যাপে AI-এর ছোঁয়া! কনটেন্ট সার্চ আরও সহজ করতে আসছে নতুন ফিচার ও ডিজাইন

সিনেমা, সিরিজ বা অন্যান্য ভিডিও কনটেন্ট খুঁজে বের করার প্রক্রিয়াকে আরও সহজ এবং উন্নত করতে নিজেদের প্লাটফর্ম নতুনভাবে সাজিয়েছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। বিশেষ করে টিভির জন্য তাদের অ্যাপে আনা হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন, যেখানে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ফিচার।

নেটফ্লিক্সের প্রধান পণ্য কর্মকর্তা ইউনিস কিম বলেছেন, নতুন এই ডিজাইন টিভির জন্য নেটফ্লিক্সের সেই পরিচিত এবং পছন্দের চেহারাকেই ধরে রেখেছে, তবে এটিকে ব্যবহারকারীদের দেখার সুবিধার কথা মাথায় রেখে আরও উন্নত করা হয়েছে। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন অনুযায়ী, এই নতুন চেহারায় টিভির ডিজাইনটিকে আরও সহজ করা হয়েছে এবং গ্রাহক কী দেখতে চান, তা নিয়ে আরও তথ্য দেওয়ার সুবিধা এনেছে প্লাটফর্মটি।

নতুন ডিজাইনের সবচেয়ে চোখে পড়ার মতো পরিবর্তন হচ্ছে এখন কোনো সিনেমা বা টিভি শো’র তথ্য আরও স্পষ্টভাবে দেখতে পাবেন গ্রাহকরা। যেমন – সিনেমা বা টিভির অনুষ্ঠান যদি কোনো পুরস্কার জিতে থাকে বা বর্তমানে খুব জনপ্রিয় হয়ে ওঠে, তাহলে রেকোমেন্ডশন লিস্টে সেটির নাম দেখা যাবে। কোম্পানিটি আরও জানিয়েছে, এসব রেকোমেন্ডশন এখন আগের চেয়ে আরও সহজে “আপনার মেজাজ ও আগ্রহ অনুসারে বদলাতে পারবেন” এবং রিয়েল টাইমেও পরিবর্তিত হতে থাকবে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগতকৃত করবে।

নতুন ডিজাইনে ‘সার্চ অপশন’ ও ‘মাই লিস্ট’ টুলের শর্টকাট খুঁজে পাওয়াও সহজ হবে। ‘মাই লিস্টে’ ব্যবহারকারীরা ভবিষ্যতে দেখতে চান এমন বিভিন্ন অনুষ্ঠান সেভ করে রাখতে পারেন। এই সমস্ত পরিবর্তনগুলি নতুন ‘ক্লিন অ্যান্ড মডার্ন ডিজাইন’ (Clean and Modern Design)-এর অংশ বলে জানিয়েছে নেটফ্লিক্স। প্লাটফর্মটিতে এসব পরিবর্তন ‘আসন্ন সপ্তাহ ও মাস’ থেকে পর্যায়ক্রমে চালু হবে।

ইন্ডিপেন্ডেন্ট তাদের প্রতিবেদনে এই আপডেটের সবচেয়ে আলোচিত বা বিতর্কিত দিক হিসেবে প্রথমবারের মতো নেটফ্লিক্সের জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (Generative AI) ফিচার আনার বিষয়টিকে উল্লেখ করেছে। যদিও এই ধরনের ফিচার আপাতত সীমিত আকারে চালু করা হচ্ছে। প্রথম ধাপে একটি এআই সার্চ ফিচার আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য আনা হবে। এটি কিছু নির্দিষ্ট ব্যবহারকারীকে ব্যবহার করতে বলবে এবং তারা তাদের সাধারণ ভাষা ব্যবহার করেই পছন্দের অনুষ্ঠান বা কনটেন্ট খুঁজতে পারবে।

নেটফ্লিক্স ইঙ্গিত দিয়েছে যে ভবিষ্যতে তারা এ ধরনের জেনারেটিভ এআই টুল আরও বড় পরিসরে কনটেন্ট খোঁজার ক্ষেত্রে ব্যবহার করবে। এর লক্ষ্য হলো গ্রাহকদের জন্য সার্চ অভিজ্ঞতাকে আরও উন্নত এবং নির্ভুল করা। সব মিলিয়ে, নেটফ্লিক্সের নতুন ডিজাইন এবং এআই-এর সংযোজন টিভির পর্দায় পছন্দের কনটেন্ট খুঁজে বের করার অভিজ্ঞতাকে আরও স্মার্ট, দ্রুত এবং ব্যক্তিগতকৃত করে তুলবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট