ফোন নিজেই আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে, জেনেনিন নতুন সুরক্ষা ফিচার সম্পর্কে

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের এক অপরিহার্য অঙ্গ। এর ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত তথ্য সুরক্ষার ঝুঁকিও। যেকোনো মুহূর্তে ফোন থেকে ডেটা চুরি হয়ে যাওয়াটা আজ এক বড় চিন্তার কারণ।
ব্যবহারকারীদের এই ঝুঁকি থেকে রক্ষা করতে গুগল অ্যান্ড্রয়েড ফোন এবং ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন সুরক্ষা ফিচার নিয়ে এসেছে। এই ফিচারের মূল কাজ হলো, ফোন যদি একটি নির্দিষ্ট সময় ধরে অব্যবহৃত থাকে, তবে এটি নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে।
সাধারণত, একবার পাওয়ার অন করে আনলক করার পর ফোন ‘আফটার ফার্স্ট আনলক’ মোডে চলে যায়। এই মোডে ফোন লক করা থাকলেও কিছু জরুরি ডেটা সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকে না, ফলে দীর্ঘক্ষণ ফোন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে ডেটা চুরির সম্ভাবনা থেকে যায়। গুগলের নতুন ফিচারটি এই সমস্যা সমাধান করবে।
যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট টানা তিন দিন (৭২ ঘণ্টা) ব্যবহার না করা হয়, তবে এই ফিচারটি সেটিকে স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট করবে। ফোনটি তখন ‘বিফোর ফার্স্ট আনলক’ মোডে চলে আসবে, যেখানে সিস্টেমের সমস্ত ডেটা সম্পূর্ণরূপে এনক্রিপ্টেড থাকে। এর ফলে কোনো অননুমোদিত অ্যাপ বা সফটওয়্যার আপনার ব্যক্তিগত তথ্যের নাগাল পাবে না, যা ডেটা সুরক্ষা অনেক জোরদার করবে।
গুগলের এই নতুন সুরক্ষা ফিচারটি গুগল প্লে সার্ভিসেস ভার্সন ২৫.১৪-এ যুক্ত করা হয়েছে। অ্যাপলের আইওএস ১৮.১-এ থাকা ‘ইনঅ্যাকটিভিটি রিবুট’ (Inactivity Reboot) ফিচারের সঙ্গে এই ফিচারের বেশ কিছু মিল রয়েছে।
যদিও সচরাচর তিন দিন ধরে ফোন ব্যবহার না করার মতো পরিস্থিতি তৈরি হয় না, তবুও ফোন হারিয়ে গেলে বা কোনো বিপজ্জনক পরিস্থিতিতে পড়লে এই ফিচারটি আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।