WhatsApp-এর ছবি-মেসেজে সহজে করুন এই কাজ, জেনেনিন নতুন ফিচার সম্পর্কে

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়মিত নতুন ফিচার নিয়ে আসে, যাতে চ্যাটিংয়ের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরও একটি আকর্ষণীয় ফিচার যুক্ত করতে চলেছে মেটা অধিকৃত এই প্ল্যাটফর্মটি।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি যেকোনো মেসেজ বা মিডিয়া ফাইলে স্টিকার ব্যবহার করে নিজেদের প্রতিক্রিয়া (রিঅ্যাকশন) জানাতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ইমোজি ব্যবহার করে রিঅ্যাকশন দেওয়ার সুযোগ রয়েছে। এই নতুন আপডেট এলে ব্যবহারকারীরা ইমোজির পাশাপাশি নিজেদের পছন্দের স্টিকার ব্যবহার করেও প্রতিক্রিয়া জানাতে পারবেন।
জানা গেছে, এই নতুন স্টিকার রিঅ্যাকশন সিস্টেমে হোয়াটসঅ্যাপের নিজস্ব অফিশিয়াল স্টিকার প্যাকগুলি ছাড়াও, বাইরে থেকে ডাউনলোড বা ইম্পোর্ট করা থার্ড-পার্টি স্টিকার, ব্যবহারকারীর সেভ করা স্টিকার বা নিজের তৈরি করা কাস্টম স্টিকার—সব ধরনের স্টিকারই সাপোর্ট করবে।
এমনকি অ্যানিমেটেড স্টিকারও রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করা যাবে, তবে সেগুলোকে নির্দিষ্ট ‘লট্টি ফ্রেমওয়ার্ক’ ব্যবহার করে তৈরি হতে হবে। অ্যানিমেটেড স্টিকার যুক্ত করার মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের মেসেজে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা বাড়ানো এবং কথোপকথনকে আরও বেশি ইন্টারেক্টিভ ও মনোগ্রাহী করে তোলা।
এই নতুন ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৫.১৩.২৩-এ দেখা গেছে, যা নির্দেশ করে যে এটি খুব শীঘ্রই সাধারণ ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হতে পারে। উল্লেখ্য, অ্যাপলের মেসেজিং অ্যাপ আইমেসেজে আইফোন ব্যবহারকারীরা ইতিমধ্যেই মেসেজ এবং মিডিয়ায় স্টিকার রিঅ্যাকশন দেওয়ার সুবিধা উপভোগ করেন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।