Meta AI-হাজির এবার নতুন রূপে, জেনেনিন পাওয়া যাবে কী কী সুবিধা?

এত দিন মেটার নিজস্ব তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভার্চ্যুয়াল সহকারী সেবা ‘মেটা এআই’ মূলত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মতো প্ল্যাটফর্মগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার এই সীমাবদ্ধতা কাটিয়ে মেটা উন্মুক্ত করেছে মেটা এআই-এর নিজস্ব একটি অ্যাপ। এই নতুন অ্যাপ চালুর ফলে এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ছাড়াও ব্যবহারকারীরা তাদের যেকোনো কাজে সরাসরি এই ভার্চ্যুয়াল সহকারী সেবাটি ব্যবহার করতে পারবেন। ধারণা করা হচ্ছে, এই উদ্যোগের ফলে মেটা এআই ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

মেটা এআই অ্যাপটি মেটার সর্বশেষ এবং আরও উন্নত লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘এললামা ৪’ (LLaMA 4) কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। এললামা ৪ আগের সংস্করণগুলোর তুলনায় বেশ দক্ষ, এটি একাধিক ভাষায় কাজ করতে সক্ষম এবং জটিল প্রশ্নের উত্তর যুক্তি দিয়ে বিশ্লেষণ করে বুঝিয়ে বলতে পারে। মেটার তথ্যমতে, এই অ্যাপ ব্যবহারকারীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট–সংশ্লিষ্ট তথ্য, ব্যবহারের ধরন ও প্রেক্ষাপট বিশ্লেষণ করে তাদের জন্য আরও প্রাসঙ্গিক ও ব্যক্তিকেন্দ্রিক উত্তর জানাতে পারে।

মেটা এআই অ্যাপটি চালু হওয়ায় মেটার এআই প্রযুক্তি ব্যবহারের পরিধি আরও বিস্তৃত হবে। শুধু মোবাইল অ্যাপেই নয়, মেটা এআই অ্যাপ মেটার স্মার্ট এআইচালিত চশমাতেও ব্যবহার করা যাবে। এর ফলে ব্যবহারকারীরা আরও সহজে এবং বিভিন্ন ডিভাইসে মেটার শক্তিশালী এআই প্রযুক্তির সুবিধা নিতে পারবেন।

প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, নতুন এই উদ্যোগ মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি খাতে মেটার অবস্থান আরও শক্ত করার কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বজুড়ে এআইয়ের ক্রমবর্ধমান বাজারে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে মেটা।

প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে মেটা এআই সেবাটি প্রাথমিকভাবে চালু হয়েছিল, যা মূলত মেটার প্ল্যাটফর্মগুলোর মধ্যে যুক্ত ছিল। এই স্বতন্ত্র অ্যাপের মাধ্যমে মেটা তাদের এআই প্রযুক্তিকে আরও বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছে দিতে চাইছে। এটি এআই প্রযুক্তির ক্ষেত্রে মেটার একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

(সূত্র: সিএনএন)