YouTube আনছে AI নির্ভর দুর্দান্ত ৫টি ফিচার, জেনেনিন কী কী সুবিধা পাবেন ক্রিয়েটররা?

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট আকারের ভিডিও বা ‘শর্টস’ অত্যন্ত জনপ্রিয়। এই ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ভিডিও নির্মাতাদের জন্য শর্টস তৈরি আরও সহজ এবং আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী হয়েছে ইউটিউব। গুগল ডিপমাইন্ডের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর একাধিক নতুন সুবিধা চালু করছে প্ল্যাটফর্মটি। এর ফলে নির্মাতারা আগের চেয়ে অনেক দ্রুত এবং সৃজনশীল উপায়ে আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন বলে জানিয়েছে ইউটিউব। চলুন দেখে নেওয়া যাক, ইউটিউব শর্টসে নতুন কী কী সুবিধা চালু হচ্ছে।
অ্যাপভিত্তিক উন্নত ভিডিও সম্পাদনা: ইউটিউব শর্টসের অ্যাপভিত্তিক ভিডিও সম্পাদনা সুবিধা আরও উন্নত করছে ইউটিউব। এই উন্নত টুলস ব্যবহার করে নির্মাতারা সহজেই তাদের ভিডিও ক্লিপের দৈর্ঘ্য কমানো-বাড়ানো, নিজেদের পছন্দমতো গান ও বার্তা ভিডিওতে যুক্ত করা, ক্লিপের বিন্যাস পরিবর্তন করা বা নির্দিষ্ট ক্লিপ বাদ দিতে পারবেন। এতে ভিডিও সম্পাদনার কাজটি আরও দ্রুত ও নির্ভুল হবে।
ভিডিওর সঙ্গে গানের মিল: যারা তাদের ভিডিওতে বিভিন্ন গান যুক্ত করেন, তাদের জন্য থাকছে বিশেষ সুবিধা। নতুন এই সুবিধা চালু হলে ভিডিও ক্লিপগুলো স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা গানের সুর ও বিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এর ফলে আলাদাভাবে ভিডিও ও গানের সুর মেলানোর কাজটি আর করতে হবে না, অনেকটা সময় সাশ্রয় হবে এবং ভিডিওর আবেদন বাড়বে।
ছবি দিয়ে শর্টস টেমপ্লেট তৈরি: সৃজনশীল ভিডিও তৈরির জন্য ছবি দিয়ে শর্টস টেমপ্লেট তৈরির নতুন সুবিধাও পাওয়া যাবে ইউটিউবে। এর ফলে ভিডিও নির্মাতারা সহজেই নিজেদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ব্যবহার করে আকর্ষণীয় শর্টস টেমপ্লেট তৈরি করতে পারবেন। শুধু তা–ই নয়, চাইলে এই শর্টস টেমপ্লেটে বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল ইফেক্টও যুক্ত করার সুযোগ থাকছে, যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে।
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্টিকার: ভিডিওকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্টিকার তৈরির সুবিধা যুক্ত হচ্ছে। নতুন এ সুবিধা চালু হলে টেক্সট লিখে দিলেই সহজেই এআই সেই অনুযায়ী স্টিকার তৈরি করে দেবে, যা ভিডিওতে যুক্ত করা যাবে। এর ফলে নিজেদের তৈরি ভিডিওকে আরও সৃজনশীল ও মজার করে তুলতে পারবেন নির্মাতারা।
জেনারেটিভ এআই টুল: নির্মাতাদের ভিডিও তৈরির নতুন ধারণা পেতে সাহায্য করার জন্য একটি জেনারেটিভ এআই টুলও চালু হচ্ছে। ‘ব্রেইনস্টর্মিং বাডি’ (Brainstorming Buddy) নামের এই নতুন টুলটি ব্যবহার করে নির্মাতারা তাদের পরবর্তী ভিডিওর জন্য নতুন ধারণা, উপযুক্ত শিরোনাম ও আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করতে পারবেন। এটি ভিডিও তৈরির প্রাথমিক ধাপে নির্মাতাদের কাজকে অনেক সহজ করে দেবে এবং সৃজনশীলতার নতুন দ্বার খুলে দেবে।
ইউটিউব মনে করছে, এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সুবিধাগুলো শর্টস প্ল্যাটফর্মে আরও বেশি সংখ্যক নির্মাতাকে আকর্ষণ করবে এবং তাদের আরও সহজে ও দ্রুত আকর্ষণীয় ভিডিও তৈরি করতে সাহায্য করবে। এর ফলে প্ল্যাটফর্মে শর্টসের ভান্ডার আরও সমৃদ্ধ হবে। (সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস)