আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল, হতে পারে ‘মার্সেনারি’ স্পাইওয়্যার হামলা

বিশ্বের প্রায় ১০০টি দেশে বসবাসকারী আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে একটি বিশেষ ধরনের স্পাইওয়্যার হামলা হতে পারে বলে গুরুতর সতর্কবার্তা জারি করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ‘মার্সেনারি’ (Mercenary) নামে পরিচিত এই স্পাইওয়্যার হামলাটি মূলত নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের তথ্যমতে, যারা ব্যক্তিগত বা পেশাগত পরিচয়ের কারণে কিছুটা পরিচিত বা সমাজে প্রভাবশালী, তারাই মূলত এই ধরনের স্পাইওয়্যার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। এর ফলে সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক নেতা বা সমাজে প্রভাবশালী ব্যক্তিরা এই উন্নত স্পাইওয়্যার হামলার শিকার হওয়ার ঝুঁকিতে থাকতে পারেন। এই স্পাইওয়্যার হামলার সময়কাল সীমিত হলেও এর প্রভাব হতে পারে অত্যন্ত ভয়াবহ, কারণ এটি অত্যন্ত সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে সক্ষম।
স্পাইওয়্যার মূলত একধরনের ম্যালওয়্যার (ক্ষতিকর সফটওয়্যার), যা গোপনে ব্যবহারকারীর ফোনের তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে পারে। তাই স্মার্টফোনে আড়ি পাততে সক্ষম অ্যাপ বা স্পাইওয়্যারের সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করে থাকে সাইবার অপরাধী সহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান।
এই সম্ভাব্য মার্সেনারি স্পাইওয়্যার হামলা থেকে নিজেদের ডিভাইসকে রক্ষা করতে আইফোনে থাকা সমস্ত সফটওয়্যার নিয়মিতভাবে হালনাগাদ করার (update) পাশাপাশি সর্বশেষ নিরাপত্তা সুবিধাগুলো চালু রাখার পরামর্শ দিয়েছে অ্যাপল। এছাড়াও, আইফোনের জন্য শক্তিশালী পাসকোড (passcode) ব্যবহার করা, অ্যাপল আইডি-তে টু ফ্যাক্টর অথেনটিকেশন (Two-Factor Authentication) সুবিধা চালু রাখা সহ অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিদের পাঠানো কোনো লিংকে ক্লিক না করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তাই সব আইফোন ব্যবহারকারীকে এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে অ্যাপল। যেকোনো অস্বাভাবিক কার্যকলাপ বা লিংকের ব্যাপারে সতর্ক থাকা জরুরি।
(সূত্র: টাইমস অব ইন্ডিয়া)