মেটার রিয়ালিটি ল্যাবস বিভাগে কর্মী ছাঁটাই, ভিআর-এআর কনটেন্ট ইউনিটে বাড়বে প্রভাব

সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস (Meta Platforms) তাদের ভবিষ্যৎ প্রযুক্তির কেন্দ্রবিন্দু ভার্চুয়াল রিয়ালিটি (VR), অগমেন্টেড রিয়েলিটি (AR) ও এ সংশ্লিষ্ট পরিধেয় ডিভাইস নিয়ে কাজ করা রিয়ালিটি ল্যাবস (Reality Labs) বিভাগে কর্মী ছাঁটাই করেছে। এই ছাঁটাইয়ের ফলে বিভাগের ‘অকুলাস স্টুডিও’ (Oculus Studios) ইউনিটে কাজ করা একটি অংশ ক্ষতির মুখে পড়েছে।
মেটার একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই ছাঁটাইয়ের ফলে অকুলাস স্টুডিও ইউনিটে কাজ করেন এমন অনির্দিষ্ট সংখ্যক কর্মী প্রভাবিত হয়েছেন। এসব কর্মীরা মূলত মেটার কোয়েস্ট ভিআর হেডসেটের জন্য ভিআর ও এআর গেম এবং অন্যান্য কনটেন্ট তৈরির কাজে যুক্ত ছিলেন।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসিকে ওই মুখপাত্র বলেছেন, “অকুলাস স্টুডিওর কিছু দলের গঠন ও ভূমিকায় পরিবর্তন আনছে মেটা, যা দলের আকারের ওপর প্রভাব ফেলছে। এই পরিবর্তনগুলোর লক্ষ্য হলো কোম্পানিটির বিভিন্ন স্টুডিওকে আমাদের গ্রাহকদের জন্য ভবিষ্যতের মিক্সড রিয়ালিটি হেডসেটের অভিজ্ঞতা তৈরিতে আরও সক্ষম করে তোলা এবং মানুষের জন্য ভালোমানের বিভিন্ন কনটেন্ট সরবরাহ করা।”
মেটার এই পদক্ষেপের ফলে ‘সুপারন্যাচারাল ভিআর’ (Supernatural VR) অ্যাপে কাজ করেন এমন কর্মীদের ওপরও প্রভাব পড়েছে বলে ওই মুখপাত্র জানিয়েছেন। ‘সুপারন্যাচারাল’-এর অফিসিয়াল ফেইসবুক গ্রুপে পোস্ট করা এক বিবৃতিতে মেটা বলেছে, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এসব পরিবর্তনের ফলে আমরা আমাদের দলের প্রতিভাবান কিছু সদস্যকে হারিয়েছি। আমাদের ও আপনার যাত্রা গঠনে সহায়ক ভূমিকা পালন করেছে তাদের অবদান এবং তাদের অনুপস্থিতি গভীরভাবে অনুভূব করবো আমরা।”
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই মেটা প্রধান মার্ক জাকারবার্গ কোম্পানি জুড়ে মোট কর্মী সংখ্যার পাঁচ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিলেন। রিয়ালিটি ল্যাবস থেকে কর্মী ছাঁটাইয়ের এই খবর জাকারবার্গের সেই ঘোষণার পরই সামনে এলো।
এ বছরের জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদনে মেটার রিয়ালিটি ল্যাবস বিভাগ জানিয়েছিল, সর্বশেষ চতুর্থ প্রান্তিকে (Q4) তারা একশ দশ কোটি ডলারের বিক্রির পাশাপাশি চারশ সাতানব্বই কোটি ডলারের বিশাল অপারেটিং লোকসান গুনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা বুধবার তাদের সর্বশেষ আয়ের প্রতিবেদন প্রকাশ করে। এদিকে, প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ বৃহস্পতিবার কোম্পানির রিয়ালিটি ল্যাবস থেকে কর্মী ছাঁটাইয়ের খবর প্রকাশ করে।
আর্থিক লোকসান এবং কোম্পানি জুড়ে ছাঁটাইয়ের মধ্যেই রিয়ালিটি ল্যাবস বিভাগে এই কর্মী ছাঁটাই মেটার ভিআর ও এআর ভবিষ্যৎ নিয়ে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং এই খাতে তাদের বিনিয়োগের অগ্রাধিকার পুনর্বিন্যাস করার চেষ্টার প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।