AC-বন্ধের সময় যেসব ভুলে বিদ্যুৎ বিল বাড়তে পারে, জেনেনিয়ে থাকুন সতর্ক

তীব্র গরমে এয়ার কন্ডিশনার (AC) এখন আমাদের আধুনিক জীবনের এক অপরিহার্য অংশ। আরাম পেতে এসি চালালেও মাস শেষে আসা মোটা বিদ্যুৎ বিল অনেকের কাছেই বড় মাথাব্যথার কারণ। অনেক সময় দেখা যায়, এসি খুব বেশি ব্যবহার না করলেও বিল আসছে অস্বাভাবিক রকম বেশি। জানেন কি, আপনার অজান্তেই ঘটে যাওয়া একটি ছোট ভুলেই বিদ্যুতের খরচ বেড়ে যেতে পারে?

বিদ্যুৎ বিল বাড়ার ভয়ে অনেকেই কিছুক্ষণ এসি চালানোর পর রিমোট থেকে বন্ধ করে দেন। বিশেষ করে রাতে বেডরুমে এসি চালানোর পর প্রয়োজন না হলে রিমোট টিপে বন্ধ করে দেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা শুধুমাত্র রিমোট ব্যবহার করেই এসি বন্ধ করেন, মেইন সুইচ থেকে সংযোগ বিচ্ছিন্ন করেন না। আর এখানেই ঘটে সেই ভুল যা আপনার বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিতে পারে।

আপনি যখন রিমোটের অফ বোতাম টিপেন, তখন সাধারণত এসির ইনডোর ইউনিটটি বন্ধ হয়ে যায় এবং এর লাইট নিভে যায়। এতে সবাই মনে করেন যে এসি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো, এই সময়ে এসির আউটডোর ইউনিটটি তখনও বিদ্যুতের মূল লাইনের সঙ্গে সংযুক্ত থাকে। যদি এসির রিলে সুইচে কোনও ত্রুটি থাকে, তবে রিমোট থেকে বন্ধ করার পরও আউটডোর ইউনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয় না এবং এটি সবসময় চলতে থাকে।

যেহেতু আউটডোর ইউনিট ঘরের বাইরে থাকে, ব্যবহারকারী সাধারণত বুঝতে পারেন না যে তাদের এসিটি আসলে বন্ধ নেই, সেটি চালু রয়েছে এবং নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ খরচ করছে। এই অবস্থায় আপনি হয়তো দিনে বা রাতে অল্প সময়ের জন্য এসি ব্যবহার করছেন, কিন্তু রিলে সুইচের সমস্যার কারণে আউটডোর ইউনিটটি দিনরাত চলছে। এর ফলেই মাস শেষে আপনার কাছে ২৪ ঘণ্টার বিদ্যুতের বিল আসতে পারে, যা দেখে আপনি অবাক হতে পারেন।

এই সমস্যা এড়াতে এবং বিদ্যুতের বিল কমাতে একটি সহজ কিন্তু অত্যন্ত জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রিমোট থেকে এসি বন্ধ করার পর অবশ্যই এসির মেইন লাইন বা মেইন সুইচ থেকেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। মেইন লাইন থেকে এসি বন্ধ করার সঙ্গে সঙ্গেই এতে বিদ্যুৎপ্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এর ফলে রিলে সুইচে কোনও ত্রুটি থাকলেও আউটডোর ইউনিটে লাগানো কম্প্রেসার কাজ করবে না এবং অকারণ বিদ্যুৎ খরচ বন্ধ হবে।

মনে রাখা প্রয়োজন যে, কম্প্রেসার ক্রমাগত চলার ফলে এটি দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে বেশি বিদ্যুতের বিল দেওয়ার পাশাপাশি সেই কম্প্রেসার মেরামত বা বদলাতে অনেক টাকা খরচ করতে হতে পারে। তাই এই সহজ নিয়মটি মেনে চললে আপনি এক দিকে যেমন বিদ্যুতের অপচয় রোধ করে বিল কমাতে পারবেন, তেমনই আপনার এসির কম্প্রেসারের আয়ুও বাড়াতে পারবেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া