ইনস্টাগ্রামে রিলস শেয়ার করার নতুন উপায়, জেনেনিন কি এলো নয়া ফিচার

ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামের রিলস দেখার এবং শেয়ার করার অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও আনন্দময় করে তুলতে নতুন একটি ফিচার চালু করেছে মেটার মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ‘ব্লেন্ড’ (Blend) নামের এই নতুন ফিচারের মাধ্যমে এখন থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের বন্ধু বা নির্দিষ্ট একটি গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে মিলে একটি ব্যক্তিগত রিলস ফিড তৈরি করতে পারবেন। ইনস্টাগ্রাম জানিয়েছে, বন্ধুদের সঙ্গে অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও আনন্দদায়ক করতেই এই ফিচারটি আনা হয়েছে।
এই নতুন ‘ব্লেন্ড’ ফিচারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এর মাধ্যমে তৈরি হওয়া রিলস ফিডটি সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। অর্থাৎ, যারা মিলে এই ফিড তৈরি করবেন, শুধুমাত্র তারাই এটি দেখতে পারবেন, অন্য কোনো ব্যবহারকারীর কাছে এই ফিড অ্যাক্সেসযোগ্য হবে না।
কীভাবে ব্যবহার করবেন ‘ব্লেন্ড’ ফিচার?
ইনস্টাগ্রামের নতুন ‘ব্লেন্ড’ ফিচারটি ব্যবহার করা অত্যন্ত সহজ। নিচে এর পদ্ধতি ধাপে ধাপে দেওয়া হলো:
১. প্রথমে ইনস্টাগ্রাম খুলে যেকোনো একটি প্রাইভেট চ্যাট বা গ্রুপ চ্যাট খুলুন।
২. চ্যাট স্ক্রিনের উপরের ডানদিকে নতুন ‘ব্লেন্ড’ আইকন দেখতে পাবেন, সেটিতে ট্যাপ করুন।
৩. এরপর ‘ইনভাইট’ (Invite) অপশনে ক্লিক করে আপনি যাদের সঙ্গে ব্লেন্ড তৈরি করতে চান, সেই বন্ধু বা বন্ধুদের নির্বাচন করুন।
৪. আমন্ত্রণ পাঠানোর পর মনোনীত বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যরা যখন আপনার পাঠানো ইনভাইট গ্রহণ করবে, তখনই ‘ব্লেন্ড’ ফিচারটি তাদের জন্য সক্রিয় হয়ে যাবে।
একবার ‘ব্লেন্ড’ চালু হয়ে গেলে, ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ব্লেন্ডে যুক্ত থাকা দুজন বা আরও বেশি সদস্যের পছন্দ এবং আগ্রহ বিশ্লেষণ করে প্রতিদিন নতুন নতুন রিলস সাজেস্ট করবে। এই কিউরেটেড ফিডটি কেবলমাত্র তাদের জন্যই তৈরি হবে এবং এর বাইরে কেউ এটি দেখতে পারবে না।
বন্ধুরা যখন এই শেয়ার করা রিলে কোনো প্রতিক্রিয়া (রিঅ্যাক্ট) জানাবে বা মন্তব্য করবে, তখন যিনি ইনভাইট পাঠিয়েছিলেন, তার কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়াও, যদি কোনো সদস্য কোনো কারণে ‘ব্লেন্ড’ থেকে নিজেকে সরিয়ে নিতে চায় বা ফিচারটি বন্ধ করে দেয়, তবে স্বাভাবিকভাবেই সেই ফিড থেকে তার অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে।
ইনস্টাগ্রাম সূত্রে জানা গেছে, ব্যবহারকারীদের জন্য রিলস শেয়ারিং অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত, মজাদার এবং ইন্টারেক্টিভ করে তোলার লক্ষ্যেই দীর্ঘ এক বছর ধরে গবেষণা ও উন্নয়নের পর এই ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। আশা করা হচ্ছে, ‘ব্লেন্ড’ ফিচারটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে আরও বেশি কানেকশন এবং কনটেন্ট ডিসকভারিতে উৎসাহিত করবে।