WhatsApp-এ আসছে নতুন ফিচার, স্ট্যাটাস দেখা হবে আরও সহজ

হোয়াটসঅ্যাপে কারো স্ট্যাটাস দেখার জন্য আর আলাদা করে স্ট্যাটাস সেকশনে যেতে হবে না। চ্যাট লিস্ট থেকেই যে কোনো ব্যবহারকারীর প্রোফাইলে ক্লিক করলেই দেখতে পেয়ে যাবেন তাদের আপলোড করা স্ট্যাটাস।
এই নতুন ফিচারের ঘোষণা অনেকদিন আগেই করেছিল হোয়াটসঅ্যাপ। এবার এটি নির্দিষ্ট কিছু বেটা পরীক্ষকদের কাছে রোল আউট করা শুরু করল মেটার মেসেজিং প্ল্যাটফর্মটি।
হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ডব্লিউবেটাইনফো-এর একটি প্রতিবেদন অনুসারে, বর্তমানে এই মেসেজিং প্ল্যাটফর্ম কিছু বেটা পরীক্ষকদের জন্য অ্যানড্রয়েড ভার্সন 2.22.18.17-এ উক্ত ফিচারটি প্রকাশ করেছে। এই নতুন বিটা ভার্সনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের চ্যাট লিস্ট থেকেই পরিচিতিদের স্ট্যাটাস আপডেট দেখার অপশন পাবেন।
মেটা-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কেবল প্রোফাইলে একটি ক্লিক করেই সরাসরি ব্যবহারকারীরা তাদের চ্যাট লিস্টে পরিচিতদের স্ট্যাটাস আপডেটগুলি দেখতে পাবেন। জানা গিয়েছে, অ্যানড্রয়েড ব্যবহারকারীরা সমস্ত স্ট্যাটাস আপডেট মিউট করে এই ফিচারটি ডিসেবেল করতে পারবেন।
এতদিন হোয়াটসঅ্যাপ এ নির্দিষ্ট সেকশনে গিয়ে প্রোফাইলে ক্লিক করে স্ট্যাটাস দেখতে পেতেন ব্যবহারকারীরা। এবার সরাসরি চ্যাট লিস্ট থেকেই ঝটপট স্ট্যাটাসে চোখ বুলিয়ে নেয়া যাবে। ব্যবহারকারী যখন স্ট্যাটাস আপলোড করবেন তার প্রোফাইলে একটি সবুজ বর্ডার প্রদর্শিত হবে। যা দেখে বুঝে নিতে পারবেন তার স্ট্যাটাস এখনো অ্যাক্টিভ রয়েছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ধীরে ধীরে আরও ব্যবহারকারীদের কাছে এটি রোল আউট করা হবে। আইওএস ব্যবহারকারীরাও অদূর ভবিষ্যতে এই ফিচারের লাভ তুলতে পারবে বলে জানিয়েছে সংস্থা।