ওপেনএআইয়ের প্রাক্তন বিজ্ঞানীর স্টার্টআপে কেন বিনিয়োগ করছে গুগল ও এনভিডিয়া?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জগতে নতুন আলোড়ন তুলেছে ওপেনএআইয়ের প্রাক্তন প্রধান বিজ্ঞানী ইলিয়া সুটস্কেভারের নবগঠিত স্টার্টআপ ‘সেফ সুপারইনটেলিজেন্স’ (এসএসআই)। সম্প্রতি এক বিনিয়োগের রাউন্ডে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এবার এই স্টার্টআপে শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি অর্থ ঢালছে গুগলের মূল সংস্থা আলফাবেট এবং গ্রাফিক্স চিপ প্রস্তুতকারক এনভিডিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই বিনিয়োগের মাধ্যমে বৃহৎ প্রযুক্তি কোম্পানি এবং অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর উন্নত এআই প্রযুক্তির প্রতি কৌশলগত বিনিয়োগের আগ্রহ স্পষ্ট হচ্ছে। এই বিনিয়োগ মূলত সেই সব স্টার্টআপকে কেন্দ্র করে, যারা অত্যাধুনিক এআই প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং যার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ কম্পিউটিং ক্ষমতা।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, নিজস্ব শক্তিশালী এআই মডেল থাকা সত্ত্বেও আলফাবেটের ক্লাউড কম্পিউটিং বিভাগ সম্প্রতি এসএসআইকে তাদের নিজস্ব তৈরি টেনসর প্রসেসিং ইউনিটস (টিপিইউ) সরবরাহের চুক্তি করেছে। টিপিইউ হলো গুগলের নিজস্ব এআই চিপ, যা বিশেষভাবে এআই গবেষণার জন্য ডিজাইন করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বিনিয়োগকারী সংস্থা গ্রিনওক্সের নেতৃত্বে একটি অর্থায়ন পর্বে এসএসআই সম্প্রতি ৩২ বিলিয়ন মার্কিন ডলার বাজারমূল্য অর্জন করেছে। ইলিয়া সুটস্কেভারের এআই প্রযুক্তি বিকাশে দূরদর্শী এবং সঠিক দিকনির্দেশনা প্রদানের দক্ষতার কারণে এসএসআই অল্প সময়ের মধ্যেই একটি প্রতিশ্রুতিশীল এআই মডেল গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।
তবে এই বিনিয়োগের নির্দিষ্ট পরিমাণ বা শর্ত সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। আলফাবেট, এনভিডিয়া এবং এসএসআই কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এসএসআইয়ের সঙ্গে চুক্তির দায়িত্বে থাকা গুগলের ব্যবস্থাপনা পরিচালক ড্যারেন মাওরি জানিয়েছেন, প্রাথমিকভাবে গুগল তাদের নিজস্ব তৈরি টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবহারের জন্য রেখেছিল। তবে এসএসআইয়ের সঙ্গে চিপ সরবরাহের এই চুক্তি গুগলের বৃহত্তর পরিকল্পনার অংশ। এর মাধ্যমে গুগল তাদের উন্নত প্রযুক্তি আরও বেশি সংখ্যক বাহ্যিক গ্রাহকের কাছে বিক্রি করতে আগ্রহী।
তিনি আরও বলেন, ‘এসব এআই মডেল নির্মাতাদের সঙ্গে কাজ করার ফলে মূল আকর্ষণের কেন্দ্র দ্রুত আমাদের দিকে সরে আসছে।’
বর্তমানে এআই ডেভেলপাররা এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহারে বেশি অভ্যস্ত, যার ফলে এআই চিপের বাজারে ৮০ শতাংশের বেশি অংশীদারিত্ব এনভিডিয়ার দখলে।
তবে দুটি সূত্র জানিয়েছে, এসএসআই তাদের এআই গবেষণা ও উন্নয়নের জন্য এখন পর্যন্ত মূলত গুগলের টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) ব্যবহার করছে, জিপিইউ নয়।
গুগল তাদের ক্লাউড সেবায় এনভিডিয়ার জিপিইউ এবং নিজস্ব তৈরি টিপিইউ উভয় ধরনের চিপই ব্যবহার করে। গুগলের নিজস্ব চিপগুলো বিশেষভাবে নির্দিষ্ট এআই কাজের জন্য তৈরি করা হয়েছে, যা সাধারণ জিপিইউর তুলনায় অধিক কার্যকর এবং দক্ষ।
এই টিপিইউ চিপ ব্যবহার করে ইতিমধ্যেই বৃহৎ পরিসরের এআই মডেল তৈরি করছে অ্যাপল এবং ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিক। এছাড়াও, অ্যানথ্রপিক গুগল ও অ্যামাজনের কাছ থেকে বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন পেয়েছে।
বর্তমানে গুগল ও এনভিডিয়া একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, কারণ অ্যামাজন নিজস্ব প্রসেসর—ট্রেইনিয়াম ও ইনফেরেন্টিয়া তৈরি করছে। ২০২৩ সালে অ্যামাজন জানায়, অ্যানথ্রপিক তাদের প্রযুক্তি চিপগুলো ব্যবহার করবে। গত ডিসেম্বরে প্রযুক্তি জায়ান্টটি জানায়, অ্যানথ্রপিক হবে তাদের প্রথম গ্রাহক, যারা অ্যামাজনের হাজার হাজার চিপের বিশাল সুপারকম্পিউটার ব্যবহার করবে।
এই পরিস্থিতিতে অ্যানথ্রপিক তাদের এআই প্রযুক্তি উন্নয়নের জন্য গুগলের টিপিইউ ব্যবহার অব্যাহত রেখেছে এবং গুগলের চিপে তাদের খরচ কমায়নি।
এআই স্টার্টআপগুলোতে ব্যাপক বিনিয়োগ করা বড় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর একটি সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। উদাহরণস্বরূপ, অ্যামাজন ও গুগল উভয়ই অ্যানথ্রপিকে বিনিয়োগ করেছে। এছাড়াও, মাইক্রোসফট ওপেনএআইতে উল্লেখযোগ্য পরিমাণে অর্থ বিনিয়োগ করেছে। অন্যদিকে, এনভিডিয়া ওপেনএআই এবং ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআইকে সমর্থন দিচ্ছে।