Meta Llama 4 : চ্যাটজিপিটি ও জেমিনির সামনে নতুন চ্যালেঞ্জ, কে জিতবে AI -এর লড়াইয়ে?

বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মেটা (Meta) কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) জগতে আরও এক বড় পদক্ষেপ নিল। তারা বাজারে নিয়ে এলো তাদের নতুন জেনারেটিভ এআই মডেল – Llama 4। এই মডেলের প্রধান লক্ষ্য হলো ওপেনএআই-এর চ্যাটজিপিটি (ChatGPT) এবং গুগল-এর জেমিনিকে (Gemini) সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করা।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ স্বয়ং এই ঘোষণা করেছেন। তিনি জানান, তাদের নতুন এআই মডেল Llama 4 আগের চেয়ে আরও বেশি বুদ্ধিমান, দ্রুত এবং শক্তিশালী। এই উন্নত মডেলটি মেটার বিভিন্ন জনপ্রিয় প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp), ইন্সটাগ্রাম (Instagram), মেসেঞ্জার (Messenger) এবং মেটার নিজস্ব ওয়েব অ্যাপ্লিকেশন।
Llama 4 প্রাথমিকভাবে দুটি ভিন্ন সংস্করণে বাজারে এসেছে। এই সংস্করণ দুটি হলো – Scout এবং Maverick। Llama 4 Scout একটি হালকা ও দ্রুতগতির মডেল, যা মূলত মোবাইল বা সাধারণ কম্পিউটারের মতো ডিভাইসগুলোতে সহজে ব্যবহার করা যাবে। অন্যদিকে, Maverick হলো Llama 4-এর একটি শক্তিশালী সংস্করণ। এটি জটিল এবং বৃহৎ ডেটা প্রক্রিয়াকরণের পাশাপাশি মাল্টিমিডিয়া বিশ্লেষণ সহ বিভিন্ন উন্নত কাজ করতে সক্ষম।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুটি মডেলই বর্তমানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। Llama 4 মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটি শুধু লেখাই তৈরি করতে পারে না, বরং এখন ছবি ও ভিডিওর মতো মাল্টিমিডিয়া কনটেন্টও বিশ্লেষণ করতে সক্ষম।
বর্তমানে বিশ্বের এআই বাজারে চ্যাটজিপিটি এবং জেমিনি প্রধান প্রতিযোগী হিসেবে নিজেদের স্থান ধরে রেখেছে। এই দুটি মডেলই তাদের দ্রুত গতি এবং মাল্টিমডাল সক্ষমতার জন্য পরিচিত। মেটা তাদের নতুন Llama 4 মডেলের মাধ্যমে এই দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। এআই দুনিয়ার বিশ্লেষকদের মতে, Llama 4 যথেষ্ট সম্ভাবনাময় একটি প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, Llama 4 মডেলটি চীনের একটি এআই স্টার্টআপ কোম্পানি ডিটসিক (DeepSeek) থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে। ডিপসিক ইতিমধ্যেই মাল্টিমডাল এবং কম্প্যাক্ট এআই প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। মেটা তাদের নতুন মডেলে সেই প্রযুক্তিকে কাজে লাগিয়েছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, Llama 4 বাজারে কতটা প্রভাব ফেলতে পারে এবং চ্যাটজিপিটি ও জেমিনির সঙ্গে প্রতিযোগিতায় কতটা সফল হয়।