চার ভাঁজ ও তিন কব্জা! অভিনব ফোল্ডেবল ফোনের কনসেপ্ট আনল স্যামসাং

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে নতুন চমক আনতে চলেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। সম্প্রতি প্রকাশিত একটি পেটেন্ট অ্যাপ্লিকেশন থেকে জানা গেছে, সংস্থাটি চারটি ভাঁজযোগ্য প্যানেল এবং তিনটি কব্জাযুক্ত (হিঞ্জ) এক নতুন ধরনের ফোনের কনসেপ্ট প্রকাশ করেছে। এই অভিনব ডিজাইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একাধিক ভাঁজের মাধ্যমে একটি বিশাল স্ক্রিন তৈরি করা সম্ভব হয়। এই তথ্য গ্যাজেটস থ্রি সিক্সটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

পেটেন্টের নকশা অনুযায়ী, স্যামসাং এমন একটি ফোন তৈরি করছে যেখানে চারটি ভাঁজযোগ্য ডিসপ্লে প্যানেল তিনটি কব্জার সাহায্যে একে অপরের সঙ্গে যুক্ত থাকবে। ফোনটি যখন সম্পূর্ণভাবে খোলা হবে, তখন এটি একটি ট্যাবলেট বা ছোট ল্যাপটপের আকারের বড় ডিসপ্লেতে পরিণত হবে। আবার যখন ভাঁজ করা হবে, তখন ডিভাইসটি তুলনামূলকভাবে পুরু হলেও একটি কমপ্যাক্ট আকার ধারণ করবে। মনে করা হচ্ছে, স্যামসাং এমন একটি অত্যাধুনিক ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনতে কাজ করছে যা চিনা সংস্থা হুয়াওয়ের মেট এক্সটি আলটিমেট ট্রাই-ফোল্ড ফোনের মতো উন্নত এবং প্রতিযোগিতামূলক হবে।

ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও)-এর ওয়েবসাইটে ‘বাঁকানো ডিসপ্লেসহ ইলেকট্রনিক ডিভাইস’ শিরোনামের একটি প্রতিবেদনে স্যামসাং-এর এই নতুন পেটেন্টটির বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাংয়ের পক্ষ থেকে প্রকাশিত এটিই সম্ভবত সবচেয়ে উন্নত ভাঁজযোগ্য ডিজাইনের ধারণা। এর আগে স্যামসাং ফোল্ডেবল ফোনের বেশ কয়েকটি প্রোটোটাইপ প্রদর্শন করেছে। এমনকি রোলেবল ডিসপ্লে-র ধারণাও দেখিয়েছে তারা। তবে এই নতুন ডিজাইনে আরও বড় আকারের প্যানেল ব্যবহার করা হবে, যা ব্যবহারকারীদের আরও বেশি স্ক্রিন স্পেস প্রদান করবে।

যদিও স্যামসাং এখনও পর্যন্ত এই নতুন পেটেন্টের উপর ভিত্তি করে বাণিজ্যিকভাবে কোনো ডিভাইস বাজারে আনবে কিনা তা নিশ্চিত করেনি। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, অনেক সময় কোম্পানি শুধুমাত্র নতুন ধারণা পরীক্ষা করার জন্য পেটেন্ট দাখিল করে, কিন্তু সেগুলি শেষ পর্যন্ত বাজারে নাও আসতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্যামসাং এর আগে ২০২৩ সালে এমন একটি ফোনের প্রোটোটাইপ দেখিয়েছিল যা ভেতর ও বাইরে উভয় দিকেই ভাঁজ করা যেত। যদিও সেই ডিজাইনের ফোনটি এখনও বাজারে আসেনি। তবে সাম্প্রতিক এই পেটেন্ট আবেদনে পাতলা এবং ৩৬০ ডিগ্রি ভাঁজযোগ্য একটি ফোন দেখানো হয়েছে, যার ভেতরের স্ক্রিনটি খুললে একটি বড় ডিসপ্লে তৈরি করবে। এর পাশাপাশি, ফোনের কভারটিকেও ডিসপ্লে হিসেবে ব্যবহারের জন্য পেছনের দিকে ভাঁজ করা যাবে।

স্যামসাং-এর এই নতুন ফোল্ডেবল ফোনের কনসেপ্ট প্রযুক্তি বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। যদি এই ডিজাইন বাস্তবে রূপ পায়, তবে তা ফোল্ডেবল স্মার্টফোনের ভবিষ্যৎকে এক নতুন দিশা দেখাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।