‘এক্সে’ সাইবার হামলার দায় নিল ফিলিস্তিনপন্থি হ্যাকার গ্রুপ, জেনেনিন কি বললো তাদের বার্তায়?

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) সোমবার একাধিকবার বিভ্রাট দেখা দিয়েছে। এর পেছনে ইউক্রেনের সঙ্গে সংশ্লিষ্ট একটি বৃহৎ সাইবার হামলা দায়ী বলে দাবি করেছেন এক্স-এর মালিক ইলন মাস্ক। তবে ফিলিস্তিনপন্থি হ্যাকার গ্রুপ ‘ডার্ক স্টর্ম টিম’ এই হামলার দায় স্বীকার করায় মাস্কের বক্তব্য প্রশ্নের মুখে পড়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, “এটি একটি বড় ধরনের হামলা ছিল। এতে প্রচুর সম্পদ ব্যবহার করা হয়েছে। এমন হামলা কেবল একটি বিশাল সংগঠিত দল বা কোনো রাষ্ট্রই চালাতে পারে।” তিনি আরও জানান, “আমরা পুরোপুরি নিশ্চিত নই, তবে ইউক্রেনীয় অঞ্চলের আইপি ঠিকানা থেকে এক্সকে অচল করার জন্য ব্যাপক সাইবার আক্রমণ চালানো হয়েছে।” যদিও এই হামলার প্রকৃত উৎস এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ফিলিস্তিনপন্থি হ্যাকার গ্রুপের দায় স্বীকার
মাস্কের দাবির বিপরীতে, ‘ডার্ক স্টর্ম টিম’ নামের একটি ফিলিস্তিনপন্থি হ্যাকার গ্রুপ একটি টেলিগ্রাম পোস্টে এক্স-এর বিপর্যয়ের দায় স্বীকার করেছে। এই গ্রুপটি এর আগে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে সমর্থনকারী দেশ ও সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তারা জানিয়েছে, এক্স-এর বিরুদ্ধে তারা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস (ডিডিওএস) আক্রমণ চালিয়েছে। গ্রুপটির এই দাবি মাস্কের ইউক্রেন-সংশ্লিষ্ট অভিযোগের বিপরীতে নতুন প্রশ্ন তুলেছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মাস্কের বক্তব্য নিয়ে সন্দিহান। তারা বলছেন, ডিডিওএস হামলার জন্য রাষ্ট্রীয় পর্যায়ের সংস্থার প্রয়োজন হয় না। স্বাধীন হ্যাকার গ্রুপও এ ধরনের আক্রমণ চালাতে সক্ষম। একজন বিশেষজ্ঞ জানান, “এই ধরনের হামলায় আইপি ঠিকানা সাধারণত বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়। তাই শুধু ইউক্রেনের আইপি ঠিকানার ভিত্তিতে দায়ী করা যুক্তিসঙ্গত নয়।”

বিশ্বব্যাপী বিপর্যয়
ইন্টারনেট অবকাঠামো সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯:৪৫ ইউটিসি থেকে এক্স একাধিক ডিডিওএস আক্রমণের শিকার হয়। এর ফলে বিশ্বব্যাপী এক্স-এর সেবা ব্যাহত হয়। অনলাইন পরিষেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা (ইটি) নাগাদ যুক্তরাষ্ট্রে ৩৯,০২১ জন ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হন। দিনের শেষে এ সংখ্যা কমে প্রায় ১,৫০০-তে দাঁড়ায়।

রাজনৈতিক প্রেক্ষাপট ও মাস্কের অবস্থান
এই সাইবার হামলার ঘটনা এমন এক সময়ে ঘটেছে, যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে ইলন মাস্কের বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। তিনি সম্প্রতি দাবি করেছেন, তার স্টারলিংক সেবা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য অপরিহার্য। তবে তিনি এও বলেছেন, দীর্ঘমেয়াদে ইউক্রেনের যুদ্ধে টিকে থাকা কঠিন। এক্স-এ এক পোস্টে মাস্ক লিখেছেন, “আমি নিজে পুতিনকে একক লড়াইয়ে চ্যালেঞ্জ করেছিলাম। আমার স্টারলিংক ব্যবস্থাই ইউক্রেনীয় সেনাবাহিনীর মেরুদণ্ড। তবে বছরের পর বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে আমি বীতশ্রদ্ধ। এটি শেষ পর্যন্ত ইউক্রেনের পরাজয়ে শেষ হবে।”

বিতর্কের জন্ম
এর আগেও এক্স একাধিকবার সাইবার হামলার শিকার হয়েছে। তবে এবার মাস্কের ইউক্রেনকে দায়ী করা এবং ‘ডার্ক স্টর্ম টিম’-এর দায় স্বীকারের দ্বন্দ্ব নতুন বিতর্কের জন্ম দিয়েছে। হামলার প্রকৃত উৎস এবং উদ্দেশ্য জানতে আইসিসি এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তদন্তের অপেক্ষায় রয়েছে বিশ্ব।