Google Map -দেখে চলতে গিয়ে জঙ্গলেই হারিয়ে গেলো গোটা পরিবার, অবশেষে হলো উদ্ধার

গুগল ম্যাপ আসার পর যে কোনও প্রান্তে যাওয়া সহজ হয়ে গিয়েছে। গাড়িতে উঠে, ম্যাপে নির্দিষ্ট জায়গার লোকেশন দিলেই হয়ে যায় কাজ। ম্যাপ দেখে পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। কিন্তু গুগল ম্যাপের উপর খুব বেশি নির্ভরশীল হওয়াটাও ঠিক নয়। অন্ধভাবে বিশ্বাস করে, অনেকেই বড় বড় সমস্যায় পড়ছেন। ভারতের বিহার থেকে গোয়া যাওয়া এক পরিবারের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। গুগল ম্যাপের কারণে তাদের সারা রাত কেটেছে ঘন জঙ্গলে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বিহার রাজ্যের ওই পরিবার গাড়ি নিয়ে গোয়ায় যাচ্ছিল। একপর্যায়ে গুগল ম্যাপে দেখানো বিকল্প একটি সড়ক ধরে এগোতে থাকে তারা। কিছু সময় পর ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের খানাপুর তালুকের ভীমগড়ের গহিন জঙ্গলে নিজেদের আবিষ্কার করে পরিবারটি। শেষ পর্যন্ত রাতভর জঙ্গলে কাটানোর পর জরুরি পরিষেবার সদস্যরা তাদের উদ্ধার করেন।
ঘটনাটি ঘটেছে গত বুধবার। বিহারের বাসিন্দা রাজদাস রঞ্জিতাদাস (২৮) ও তার স্ত্রী গাড়ি নিয়ে গোয়ায় যাচ্ছিলেন। তাদের সঙ্গে ছিলেন আরো এক দম্পতি। একপর্যায়ে সময় বাঁচাতে গুগল ম্যাপে দেখানো বিকল্প সড়ক অনুসরণ করে এগোতে থাকেন তারা।
ভাঙাচোরা সড়কটি জঙ্গলের গহিনে গিয়ে শেষ হয়। সেখানে ছিল না কোনো মুঠোফোন নেটওয়ার্ক। এতে নিজেদের অবস্থানও শনাক্ত করা যাচ্ছিল না। এরই মধ্যে রাত হয়ে যাওয়ায় নিরুপায় হয়ে গাড়িতে অবস্থান করেন তারা। গাড়িতেই কাটে তাদের রাত।
পরদিন ভোর হতেই হাঁটতে শুরু করেন গাড়ির আরোহীরা। প্রায় চার কিলোমিটার যাওয়ার পর মুঠোফোনে নেটওয়ার্ক আসে। এরপর জরুরি পরিষেবা নম্বর ১১২-এ কল করে সাহায্য চান তারা।
বেলাগাভি জেলা পুলিশ খানাপুর পুলিশকে বিষয়টি জানায়। তারা জিপিএস ব্যবহার করে পরিবারটির অবস্থান শনাক্ত করে এবং আশপাশের গ্রামের বাসিন্দাদের সহায়তা নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
খানাপুর থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, প্রায় ৩১ কিলোমিটার দূর থেকে পরিবারটিকে উদ্ধার করা হয়। মূল সড়কে পৌঁছে দেওয়ার আগে তাদের জন্য খাবার ও পানি দেওয়া হয়।
পুলিশ জানায়, পরিবারটির সৌভাগ্য যে তারা মুঠোফোন নেটওয়ার্কের মধ্যে আসতে পেরেছে। ওই এলাকায় বিভিন্ন ধরনের বন্য প্রাণীর আনাগোনা রয়েছে। সম্প্রতি স্থানীয় এক কৃষক ভালুকের হামলায় আহত হন।
পুলিশ আরো জানিয়েছে, গুগল ম্যাপের কারণে এর আগেও অনেকে পথ ভুলে এই জঙ্গলের ভেতরে ঢুকে পড়েন।