ChatGPT: অল্টম্যানের চাকরি ‘খেতে’ গিয়ে উল্টে বরখাস্ত ওপেনএআই পরিচালনা পর্ষদ

আচমকা ওপেনএআইয়ের সিইও পদ থেকে অপসারণ করা হয়েছিল স্যাম অল্টম্যানকে। তবে সেই ঘটনার ১১০ ঘণ্টার মধ্যেই ফের নিজের পুরোনো পদে বহাল হলেন অল্টম্যান। তার এক দিন পরই প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে বরখাস্ত করেছেন তিনি।

এর আগে শুক্রবার ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা স্যামকে সিইওর পদ থেকে সরিয়ে দেন। এই ঘটনার পর মাইক্রোসফট তাকে নিয়োগ দেওয়ার ঘোষণা করেছিল। শুধু তাই নয়, স্যাম অল্টম্যানের সঙ্গে যদি ওপেনএআই-এর কোনো কর্মী মাইক্রোসফটে যোগ দিতে চাইতেন, তাদের জন্যও দরজা খুলে দেওয়া হয়েছিল। আর তাতেই যেন ঘুরে যায় ‘খেলা’।

জানা যায়, এসবের মাঝেই ওপেনএআই সংস্থার ৭৭০ জন কর্মীর মধ্যে ৭০০ জন কর্মী একটি খোলা চিঠি লেখেন এবং স্যাম অল্টম্যানের ছাঁটাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেন। সংস্থার ৯০ শতাংশ কর্মী এভাবে বিদ্রোহ করায় ফের একবার স্যাম অল্টম্যানকে ফেরানো হয়।

তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই যে বোর্ড স্যাম অল্টম্যানকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছিল, তাদেরই তাড়িয়ে দেওয়া হল। নতুন বোর্ডে মাত্র একজনই পুরোনো সদস্য রয়েছেন। তিনি কে জানেন? প্রশ্নোত্তর সাইট ‘কোরা’ (Quora)-র সিইও অ্যাডাম ডি’অ্য়াঞ্জেলো। ২০১৮ সাল থেকেই তিনি ওপেনএআই-র বোর্ড সদস্য। স্যাম অল্টম্য়ানকে সিইও পদে ফেরাতে তার বিশেষ ভূমিকা ছিল।

স্যাম অল্টম্যান সিইও পদে ফিরতেই নতুন বোর্ড তৈরি করা হয়েছে। এই বোর্ডে রয়েছেন সেলসফোর্সের কো-সিইও ব্রেট টেলর, মার্কিন প্রাক্তন ট্রেজারি সেক্রেটারি ও হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ল্যারি সামারস। তবে স্যাম অল্টম্যান নিজে বা সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান, যিনি অল্টম্যান বিতাড়িত হওয়ার পর ইস্তফা দিয়েছিলেন- দুজনের কেউই বোর্ডের সদস্য হবেন না।