“মেয়েরা নিরাপদ না হলে গান গাইব না!” মাঝপথেই কনসার্ট থামিয়ে দিলেন জ্যাসমিন স্যান্ডলাস

দিল্লির কনসার্টে এক অনন্য নজির গড়লেন জনপ্রিয় গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস। ‘ইলিগ্যাল ওয়েপন ২.০’ বা ‘ইয়ার না মিলে’-র মতো সুপারহিট গানের জন্য পরিচিত এই গায়িকা প্রমাণ করে দিলেন তিনি শুধু মঞ্চে আগুনই ঝরান না, সামাজিক দায়বদ্ধতাতেও তিনি অনড়। সম্প্রতি রণবীর সিংয়ের ছবি ‘ধুরন্ধর’-এর ‘শারারত’ গান দিয়ে ফের চর্চায় আসা জ্যাসমিন মাঝপথেই তাঁর শো বন্ধ করে দেন, যখন তিনি দেখেন ভিড়ের মধ্যে কিছু যুবক মহিলা ভক্তদের হেনস্থা করছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মঞ্চ থেকে জ্যাসমিন সরাসরি নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্য করে বলছেন, “সিকিউরিটি, দয়া করে ওই দুই ব্যক্তিকে এখান থেকে সরিয়ে দিন। ওরা মহিলাদের বিরক্ত করছে।” এরপরই তিনি পঞ্জাবিতে যা বললেন, তাতে উপস্থিত হাজার হাজার মানুষের মন জিতে নিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “যদি আমার কনসার্টে মহিলারা নিরাপদ বোধ না করেন, তবে আমি পারফর্ম করব না।” তাঁর এই সাহসী অবস্থানের পর নিরাপত্তারক্ষীরা অভিযুক্তদের ভেন্যু থেকে বের করে দিলে তবেই তিনি শো শুরু করেন। নেটিজেনরা জ্যাসমিনকে ‘রিয়েল কুইন’ আখ্যা দিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ওইদিন মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন আয়েশা খানও, যিনি জ্যাসমিনকে ‘ঈশ্বরের সন্তান’ বলে অভিহিত করেন।