বিপাকে রাজপাল যাদব, কোটি টাকার সম্পত্তি থাকলেও কেন যেতে হলো জেলে? আসল কারণ জেনে নিন

পর্দার সামনে যাঁর উপস্থিতি মানেই হাসির রোল, বাস্তব জীবনে সেই রাজপাল যাদব আজ বড়ই অসহায়। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দিল্লির তিহাড় জেলে আত্মসমর্পণ করলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট বকেয়া মেটানোর সময়সীমা বাড়াতে অস্বীকার করার পরেই জেল কর্তৃপক্ষের কাছে ধরা দেন তিনি।

২০১০ সালে নিজের পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’-র জন্য মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। কিন্তু বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ায় শুরু হয় তাঁর আর্থিক সংকট। সুদে-আসলে সেই ঋণ এখন ৯ কোটিতে দাঁড়িয়েছে। আদালতে রাজপাল জানান, তাঁর কাছে কোনো টাকা নেই। তিনি বলেন, “স্যার, কী করব? আমার কাছে টাকা নেই। আর কোনো উপায় দেখছি না।” যদিও তাঁর মোট সম্পত্তি ৫০ থেকে ৮৫ কোটি টাকার মধ্যে বলে অনুমান করা হয়, তবুও লিকুইড ক্যাশ বা নগদ অর্থের অভাবে তিনি চরম সংকটে পড়েছেন।

রাজপালের এই দুর্দিনে তাঁর পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাংশ। অভিনেতা সোনু সুদ তাঁকে নিজের পরবর্তী ছবিতে নেওয়ার কথা ঘোষণা করেছেন এবং সাইনিং অ্যামাউন্ট দিয়ে পাশে দাঁড়িয়েছেন। অভিনেতা গুরমিত চৌধুরী, গায়ক গুরু রণধাওয়া এবং এমনকি রাজনীতিবিদ তেজ প্রতাপ যাদবও আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। বিতর্কিত অভিনেতা কেআরকে (KRK) ১০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোটা বলিউডকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।