২০০ কোটির বাজেটে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’: শাহিদ কাপুরের পারিশ্রমিক শুনে চক্ষু চড়কগাছ নেটিজেনদের!

ভ্যালেন্টাইনস ডে-র ঠিক একদিন আগে, অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের অন্যতম আলোচিত ছবি ‘ও রোমিও’ (O’Romeo)। পরিচালক বিশাল ভরদ্বাজ এবং শাহিদ কাপুরের চতুর্থ কোলাবরেশন নিয়ে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে শুধু ট্রেলার নয়, বর্তমানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই ছবির বিশাল বাজেট এবং কলাকুশলীদের আকাশছোঁয়া পারিশ্রমিক।
সূত্র অনুযায়ী, ‘ও রোমিও’ ছবিটি নির্মাণ করতে প্রায় ১৫০ থেকে ২০০ কোটি টাকা খরচ হয়েছে, যার একটি বড় অংশ ব্যয় করা হয়েছে তারকাদের পারিশ্রমিকে। ‘হায়দার’ ও ‘কামিনে’র পর আবারও শাহিদ-বিশাল জুটি এক অন্যরকম ডার্ক থ্রিলার নিয়ে হাজির হচ্ছেন।
এই ছবির কাস্টিং লিস্টে সবচেয়ে বড় চমক শাহিদ কাপুর। জানা গেছে, ছবিতে ‘উস্তারা’ চরিত্রে অভিনয়ের জন্য তিনি নিয়েছেন প্রায় ৪৫ কোটি টাকা, যা তাঁকে এই ছবির সবচেয়ে দামি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে, বর্তমানে বলিউডের ‘ন্যাশনাল ক্রাশ’ তৃপ্তি দিমরি ‘আফশা’ চরিত্রের জন্য নিয়েছেন ৬ কোটি টাকা। তবে নারী অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন তামান্না ভাটিয়া। ‘রাবিয়া’ চরিত্রের জন্য তিনি পকেটে পুরছেন প্রায় ৭ কোটি টাকা।
অন্যান্য অভিনেতাদের মধ্যে খলনায়ক ‘জালাল’-এর চরিত্রে অভিনয় করে অবিনাশ তিওয়ারি পেয়েছেন ৭ কোটি টাকা। বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর তাঁর ‘ইসমাইল খান’ চরিত্রের জন্য চার্জ করেছেন ৪ কোটি টাকা। এছাড়া ড্যান্সার ‘জুলি’র চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে, যাঁর পারিশ্রমিক ২ কোটি টাকা বলে শোনা যাচ্ছে। ক্রাইম থ্রিলারের মোড়কে ভালোবাসা এবং প্রতিশোধের এই গল্প ডেইলিয়ান্ট পাঠকদের ভ্যালেন্টাইনস উইকে এক অনন্য অভিজ্ঞতা দেবে বলেই মনে করা হচ্ছে।