কলকাতায় ১৩ বছর পর এ আর রহমান! টিকিটের দাম আকাশছোঁয়া, জানলে ভিড়মি খাবেন!

কলকাতার সুরপ্রেমীদের জন্য দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে। তিলোত্তমার বুকেই আবার ঝড় তুলতে আসছেন অস্কারজয়ী বিশ্বখ্যাত সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমান। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর শহর কলকাতায় ফিরছেন ‘মাদ্রাজের মোৎজার্ট’। তবে এই সুরের মূর্ছনা উপভোগ করতে হলে পকেটে বেশ ভালোই টান পড়তে পারে অনুরাগীদের।

আগামী ১১ এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এ আর রহমানের বহুল প্রতিক্ষীত এই মেগা কনসার্ট। অনুষ্ঠানের সময়সূচী বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত স্থির করা হয়েছে। যদিও ভেন্যু বা অনুষ্ঠানের স্থান সম্পর্কে আয়োজকরা এখনও চূড়ান্ত ঘোষণা করেননি, তবে টিকিট নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। ১৩ বছর আগে অর্থাৎ ২০১৩ সালে সল্টলেক স্টেডিয়ামে শেষবার গান শুনিয়েছিলেন রহমান। এবার ‘দ্য ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর অংশ হিসেবে কলকাতায় ফিরছেন তিনি।

টিকিটের দাম কত? সাধারণ অনুরাগীদের কাছে এই কনসার্টের টিকিটের দাম জানলে চোখ কপালে ওঠার জোগাড়। সাধারণ স্ট্যান্ডিং টিকিটের দাম শুরু হচ্ছে ২৯৯৯ টাকা থেকে। তবে যারা একটু আয়েশ করে বসতে চান এবং ভিভিআইপি অভিজ্ঞতার স্বাদ নিতে চান, তাদের খরচ করতে হবে ১৯,৯৯৯ টাকা। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির টিকিট রয়েছে:

প্লাটিনাম টিকিট: ৩৯৯৯ টাকা।

ফ্যানজোন: ৮৯৯৯ টাকা।

অন্যান্য ক্যাটাগরি: ৯৯৯৯ টাকা।

ডায়মন্ড এ জোন: ১১,৯৯৯ টাকা।

ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া: টিকিট বিক্রি শুরু হতেই দ্রুত ফুরিয়ে যাচ্ছে আসন। তবে টিকিটের চড়া দাম নিয়ে একদল অনুরাগী ক্ষোভও প্রকাশ করেছেন। এক নেটিজেন লিখেছেন, “১০০০ টাকার মধ্যে কোনো জোন রাখা উচিত ছিল। মধ্যবিত্ত ভক্তদের জন্য ২৯৯৯ টাকা দিয়ে টিকিট কেনা সবসময় সম্ভব হয় না।” উল্লেখ্য, এই শোটি আসলে জানুয়ারিতে হওয়ার কথা ছিল, কিন্তু কিছু অনিবার্য কারণে তা পিছিয়ে ১১ এপ্রিল করা হয়েছে। পয়লা বৈশাখের উৎসবের আবহে রহমানের এই শো কলকাতাবাসীর কাছে বড় উপহার হতে চলেছে। নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিলোত্তমা এখন শুধু ক্ষণ গুনছে সেই জাদুকরী সন্ধ্যার।