মাঝরাতে নাইটক্লাবে ‘ভাইজান’ ধামাকা! সবার বিল মেটালেন সলমন, কী ঘটেছিল সেই ‘নিষিদ্ধ’ রাতে?

বলিউডের ‘ব্যাড বয়’ ইমেজ হোক বা ‘রবিনহুড’ দাতা—সলমন খান সবসময়ই চর্চার কেন্দ্রে। সম্প্রতি এক মিডিয়া পার্সোনালিটির পডকাস্টে উঠে এল ভাইজানের জীবনের এক পুরনো ও রোমাঞ্চকর কাহিনী। স্মার্টফোন আসার আগের জমানায় এক মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের এক নাইটক্লাবে সলমন যা করেছিলেন, তা আজও বলিউডের অন্দরে রূপকথার মতো শোনায়।
ঘটনাটি যখন ঘটে, রাত তখন প্রায় ২টো ১৫। নাইটক্লাবের আলো জ্বলে উঠেছে, কর্মীরা বন্ধ করার প্রস্তুতি নিচ্ছেন এবং অতিথিরা নিজেদের বিল মেটাতে ব্যস্ত। ঠিক তখনই হঠাত্ ছন্দপতন! আলো আবার মায়াবী হয়ে ওঠে, কানফাটানো মিউজিক শুরু হয় এবং নাটকীয়ভাবে এন্ট্রি নেন সুপারস্টার সলমন খান। মুহূর্তে নিস্তেজ ক্লাব যেন প্রাণ ফিরে পায়। শুধু এন্ট্রি নিয়েই ক্ষান্ত হননি সল্লু ভাই; তিনি নির্দেশ দেন, সেই রাতে ক্লাবে উপস্থিত থাকা প্রত্যেকটি অতিথির বিল তিনি নিজে মেটাবেন! এমনকি সবার জন্য দামী শ্যাম্পেনের বোতলও অকাতরে বিলিয়ে দেওয়া হয়।
বিস্ময়কর বিষয় হলো, সলমন কড়া নির্দেশ দিয়েছিলেন যেন এই ঘটনা বলিউডের কানে না পৌঁছায়। কেন তিনি সেই রাতে এতটা উদার হয়ে উঠেছিলেন, তা আজও রহস্য। কেউ কেউ একে তাঁর প্রচার পাওয়ার কৌশল বললেও, ভক্তদের দাবি—ভাইজান বরাবরই এমনই ‘দিলদরিয়া’। ওই ব্লগার দাবি করেছেন, সেই সময় তাঁর সাধারণ কোডাক ক্যামেরায় কিছু ঝাপসা ছবি তোলা ছিল, যা আজ থাকলে হয়তো ইন্টারনেটে আগুন লাগিয়ে দিত। সমালোচকরা যাই বলুন না কেন, সেই রাতের অতিথিদের কাছে সলমন খান ছিলেন রক্তমাংসের এক ‘সান্তা ক্লজ’।