প্রেক্ষাগৃহে ফিরল ভয়ংকর সেই ‘বধ’! ক্লাইম্যাক্স নিয়ে দর্শকদের হাতজোড় করে অনুরোধ নিনা গুপ্তার

২০২২ সালের সেই হাড়হিম করা থ্রিলার ‘বধ’-এর স্মৃতি আজও দর্শকদের মনে টাটকা। এবার প্রেক্ষাগৃহে পা রাখল সেই রোমাঞ্চের দ্বিতীয় কিস্তি— ‘বধ ২’ (Vadh 2)। আজ, ৬ ফেব্রুয়ারি শুক্রবার দেশজুড়ে মুক্তি পেয়েছে সঞ্জয় মিশ্র ও নিনা গুপ্তা অভিনীত এই ক্রাইম থ্রিলার। লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গের প্রযোজনায় এবং জসপাল সিং সান্ধুর পরিচালনায় এই ছবি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রবল উন্মাদনা।

তবে ছবি মুক্তির প্রথম দিনেই দর্শকদের কাছে এক বিশেষ আর্জি নিয়ে হাজির হয়েছেন ছবির প্রধান দুই মুখ নিনা গুপ্তা এবং সঞ্জয় মিশ্র। তাঁদের সাফ কথা— দয়া করে সিনেমা দেখে বাইরে এসে অন্যদের কাছে ছবির স্পয়লার বা ক্লাইম্যাক্স ফাঁস করবেন না।

স্পয়লার নিয়ে নিনা-সঞ্জয় মিশ্রর কড়া বার্তা: নিনা গুপ্তা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে লিখেছেন, “আমাদের অনুরোধ, দয়া করে ‘বধ ২’-এর স্পয়লার বা ক্লাইম্যাক্স নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না। এটি একটি থ্রিলার মিস্ট্রি হিসেবে তৈরি করা হয়েছে। যারা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে আসছেন, তাঁদের জন্য ছবির উত্তেজনা বজায় রাখা জরুরি।” একই বার্তা হিন্দি ভাষায় শেয়ার করেছেন অভিনেতা সঞ্জয় মিশ্রও। মূলত ছবির চমক যাতে নষ্ট না হয়, সেই কারণেই এই সতর্কবার্তা দিয়েছেন তারকারা।

এক নজরে ‘বধ ২’: সঞ্জয় মিশ্র এবং নিনা গুপ্তার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে কুমুদ মিশ্র এবং শিল্পা শুক্লাকে। এছাড়াও অমিত কে সিং, অক্ষয় ডোগরা এবং যোগিতা বিহানীর মতো একঝাঁক নতুন মুখ এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল, যা তখন থেকেই দর্শকদের মনে কৌতূহল বাড়িয়ে রেখেছিল।

গল্পের প্রেক্ষাপট ও ডিজিটাল রাইটস: ছবির প্রযোজক লাভ রঞ্জন জানিয়েছেন, প্রথম ছবির দর্শনের ওপর ভিত্তি করেই এবারের গল্প আবর্তিত হয়েছে। ‘বধ ২’-এর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন জেল রক্ষক এবং একজন বন্দীর এক অদ্ভুত বন্ধন। তাঁদের লুকানো সত্যি যখন প্রকাশ্যে আসে, তখন শুরু হয় এক গভীর নৈতিক দ্বন্দ্ব। প্রথাগত হিরো-হিরোইনের ফর্মুলা ভেঙে সিনিয়র অভিনেতাদের নিয়ে এই এক্সপেরিমেন্ট যে সার্থক, তা ট্রেলারেই স্পষ্ট ছিল।

প্রেক্ষাগৃহে মুক্তির পর এই ছবির ডিজিটাল স্ট্রিমিং রাইটস বা ওটিটি পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স (Netflix)। তবে ওটিটি-তে আসার আগেই প্রেক্ষাগৃহে টানটান রহস্য উপভোগ করার আহ্বান জানিয়েছেন নির্মাতারা।