৭ বছরের প্রেম পূর্ণতা পাচ্ছে রাজস্থানে? ২৬ ফেব্রুয়ারি নাকি আজ— কবে সাত পাকে বাঁধা পড়ছেন রশ্মিকা-বিজয়?

দক্ষিণী দুনিয়া থেকে বলিউড— গত কয়েক বছর ধরে যে জুটিকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে, তাঁরা হলেন বিজয় দেবরাকোণ্ডা এবং রশ্মিকা মন্দানা। তাঁদের প্রেম, রসায়ন এবং অফ-স্ক্রিন বন্ধুত্ব নিয়ে জল্পনার শেষ নেই। তবে এবার আর কেবল জল্পনা নয়, গুঞ্জন শোনা যাচ্ছে তাঁদের বিয়ের দিনক্ষণ নিয়ে। আর সেই বিয়ের ভেন্যু হিসেবে উঠে আসছে রাজস্থানের উদয়পুর প্যালেসের নাম।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যা দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে— তবে কি আজই, অর্থাৎ ২ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন এই তারকা জুটি? ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দুই তরুণী উদয়পুর প্যালেসের সাজসজ্জা দেখিয়ে দাবি করছেন, সেখানে বিজয় এবং রশ্মিকার বিয়ের রাজকীয় আয়োজন চলছে। প্যালেসজুড়ে আলোর রোশনাই আর রাজকীয় আয়োজন দেখে অনেকেই নিশ্চিত হতে শুরু করেছেন যে, আজই চার হাত এক হতে চলেছে।

আজ নাকি ২৬শে ফেব্রুয়ারি? তবে বিয়ের তারিখ নিয়ে কিছুটা ধোঁয়াশা এখনও কাটেনি। একটি সূত্র বলছে আজই বিয়ে, আবার অন্য একটি মহলের দাবি— আজ নয়, বরং এই মাসের শেষ দিকে অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস কিংবা ভিকি-ক্যাটরিনার মতো বিজয়-রশ্মিকাও তাঁদের জীবনের বিশেষ দিনটির জন্য রাজস্থানের ঐতিহ্যবাহী প্যালেসকেই বেছে নিয়েছেন বলে খবর।

৭ বছরের গোপন প্রেম কি প্রকাশ্যে? ২০১৮ সাল থেকে বিজয় ও রশ্মিকার সম্পর্কের গুঞ্জন শুরু। দীর্ঘ সাত বছর ধরে তাঁরা একে অপরের সঙ্গে রয়েছেন বলে শোনা যায়। বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে, এমনকি তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টের ব্যাকগ্রাউন্ডও মিলে গিয়েছে বারবার। যদিও নিজেদের মুখে কোনওদিন সম্পর্কের কথা স্বীকার করেননি এই জুটি। বিয়ে নিয়ে প্রশ্ন করলে বরাবরই তাঁরা তা হেসে উড়িয়ে দিয়েছেন।

এখনও পর্যন্ত বিজয় বা রশ্মিকা কেউই এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। কিন্তু উদয়পুর প্যালেসের সাজসজ্জার ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অনুরাগীরা তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। সত্যিই কি আজই সাত পাকে বাঁধা পড়ছেন ‘অর্জুন রেড্ডি’ ও ‘শ্রীভল্লি’, নাকি ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের— সেটাই এখন দেখার।