ঘৃণ্য সিনেমা, এর রক্তে হিংসা!’ রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ দেখে তেলেবেগুনে জ্বলে উঠলেন পরিচালক শাজিঁয়া ইকবাল

বক্স অফিস থেকে ওটিটি— সর্বত্র যখন রণবীর সিংয়ের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ ঝোড়ো ব্যাটিং করছে, ঠিক তখনই বলিউডের অন্দরে শুরু হলো তীব্র মতবিরোধ। গত ৩০ জানুয়ারি নেটফ্লিক্সে আসার পর থেকে ছবিটি এক নম্বর ট্রেন্ডিংয়ে থাকলেও ‘ধড়ক ২’-এর পরিচালক শাজিঁয়া ইকবাল এই ছবির বিষয়বস্তু নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি ছবিটিকে সরাসরি ‘ঘৃণ্য’ ও ‘অশুভ’ বলে আখ্যা দিয়েছেন।
রবিবার বিকেলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শাজিঁয়া লেখেন, “কী বীভৎস একটা সিনেমা! এটা কোনো ভুল বা অনিচ্ছাকৃত বিষয় নয়, এই ছবির ডিএনএ-তেই রয়েছে ঘৃণা আর হিংসা উসকে দেওয়ার ছক।” তিনি সরাসরি নাম না নিলেও ব্যাকগ্রাউন্ডে ‘ধুরন্ধর’-এর জনপ্রিয় গান ‘Fa9la’ বাজিয়ে নিজের আক্রমণের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন। এখানেই শেষ নয়, ইন্ডাস্ট্রির একাংশকে কটাক্ষ করে তিনি বলেন, “খুব ভালো, ইন্ডাস্ট্রির ডিউড ব্রো-রা… দারুণ লাগছে দেখে যে আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা বা সম্মান নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন।” এই পোস্টটি ভাইরাল হতেই চরম সমালোচনার মুখে পড়ে শাজিঁয়া তড়িঘড়ি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটি প্রাইভেট করে দেন। আদিত্য ধরের এই ছবিতে রণবীর সিংকে এক দুর্ধর্ষ এজেন্টের চরিত্রে দেখা গেছে, যিনি পাকিস্তানে ঢুকে মিশন সফল করেন।