বিয়ের এত বছর পর কেন কমছে না প্রেমের জোর? দাম্পত্য টেকানোর আসল চাবিকাঠি বলে দিলেন পিগি চপস

বলিউড থেকে হলিউড— প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের রসায়ন নিয়ে চর্চার শেষ নেই। বিয়ের এত বছর পরেও তাঁদের সম্পর্ক কেন টাটকা প্রেমের মতো সতেজ, তার সিক্রেট এবার ফাঁস করলেন খোদ প্রিয়াঙ্কা। তাঁর মতে, স্বামী-স্ত্রীর মধ্যে হালকা ‘ফ্লার্টিং’ বা খুনসুটিই সম্পর্কের উষ্ণতা বাঁচিয়ে রাখার সেরা উপায়।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে দেখা যাচ্ছে সুইমিং পুলে রোদ মাখছেন নিক। আড়াল থেকে স্বামীর সুঠাম চেহারার ভিডিও জুম করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, “ও যখন এই অবস্থায় থাকে… ওকে ঠিক স্ন্যাকসের মতো লাগে!” অর্থাৎ স্বামীর প্রতি নিজের তীব্র আকর্ষণ বোঝাতে প্রিয়াঙ্কা মজার ছলে তাঁকে ‘খাবার’ বা স্ন্যাকসের সঙ্গে তুলনা করেছেন। নিকও পিছিয়ে নেই, তিনি রসিকতা করে পালটা লিখেছেন, “যাহ! পাপারাজ্জিরা আবার আমায় ধরে ফেলল।”

প্রিয়াঙ্কা মনে করেন, বাবা-মা হওয়ার পর অনেক দম্পতির জীবনে একঘেয়েমি চলে আসে, কিন্তু তাঁরা একে অপরের সেরা বন্ধু। প্রিয়াঙ্কার কথায়, “নিক এতটাই আত্মবিশ্বাসী যে আমাদের ছোটখাটো দুষ্টুমি বা ফ্লার্টিং নিয়ে ও কখনও নিরাপত্তাহীনতায় ভোগে না।” প্রিয়াঙ্কার এই সহজ টোটকা এখন নেটদুনিয়ায় ভাইরাল, যা অনেক দম্পতির কাছেই সুখী দাম্পত্যের পাঠ হয়ে দাঁড়িয়েছে।