‘দিদি নম্বর ১’-এ মাতৃত্ব ও কাঞ্চন প্রসঙ্গ নিয়ে অকপট শ্রীময়ী! ড্যাবড্যাবিয়ে টিভি দেখল মেয়ে কৃষভি

‘দিদি নম্বর ১’-এর সানডে স্পেশাল এপিসোডে সম্প্রতি দেখা গেল অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজকে। সেখানে তিনি কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর সম্পর্ক এবং মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে অকপটে আড্ডা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর এবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করে কাঞ্চন-পত্নী দেখালেন, কীভাবে ড্যাবড্যাব করে মাকে দেখছে আর মায়ের গল্প শুনছে তাঁদের ছোট্ট মেয়ে কৃষভি।

স্মরণীয় যে, ২০২৪ সালের জানুয়ারি মাসে কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এর ঠিক এক মাস পর, ১৪ ফেব্রুয়ারি কাঞ্চন ও শ্রীময়ী আইনি বিয়ে সারেন। এরপর মার্চ মাসে তাঁদের সামাজিক বিয়ে হয় এবং সেই বছরের নভেম্বরে জন্ম হয় কাঞ্চন-শ্রীময়ীর একমাত্র কন্যা কৃষভির।

‘দিদি নম্বর ১’-এ এসে কাঞ্চনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শ্রীময়ী বলেন, “আমি এখন একটু গোছানো হয়ে গিয়েছি। আগে দায়িত্ববোধ ছিল না। কম্প্রোমাইজ করার দরকার পড়ত না। বিয়ের পরও ছিল না, প্রেমিকা হিসেবেও ছিল না। তবে মা হওয়ার পর দায়িত্ব বেড়েছে। আগে রাত করে ঘুমোতে যেতাম, অনেক দেরিতে উঠতাম। এখন ঠিক ৫টায় একটা অ্যালার্ম বাজে, মেয়ের কান্না। তোমার চোখ ঢুলে যাচ্ছে, কিন্তু ফিড করাতেই হবে। কোথাও গেলে মনে হয় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরি। একটু জলদি ফিরে ওর মুখটা দেখি।”

শ্রীময়ীর ইনস্টাগ্রাম স্টোরি।

কাঞ্চন প্রসঙ্গে শ্রীময়ীকে বলতে শোনা যায়, “বাবা হিসেবে তুমি যদি বলো, তাহলে ১০০০-এ ১০০০ দেব। প্রেমিক হিসেবে ১০০-তে ১০০ দেব। ওরকম রোগা কাঞ্চন বাইরে, ভিতরে এমন একটা প্রেমসুলভ আচরণ, যার জন্য আমি ফুরফুর করে উড়ছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে প্রেমসত্ত্বাটা বেরিয়ে যায়, যখন প্রেমিক হিসেবে থাকে।”

এদিকে, শ্রীময়ীর শেয়ার করা ইনস্টাগ্রাম স্টোরিতে মিষ্টি কৃষভি নজর কেড়েছে নেটিজেনদের। বর্তমানে তার বয়স ৮ মাস। টিভিতে মাকে দেখে সে বেশ উচ্ছ্বসিত। উল্লেখ্য, প্রেগন্যান্সির পর শ্রীময়ীর ছোট পর্দায় প্রথম কাজ ছিল ‘বুলেট সরোজিনী’। যদিও সেই ধারাবাহিকে তিনি মাসখানেক কাজ করেই ছেড়ে দেন। কৃষভির মাকে, অর্থাৎ শ্রীময়ীকে, পর্দায় শাশুড়ি ও একাধিক সন্তানের মা হিসেবে দেখানো হয়েছিল। শ্রীময়ীর দাবি, এই বয়সে (মাত্র ২৯ বছর) এতগুলো সন্তানের মা হিসেবে চরিত্রের সঙ্গে তিনি নিজেকে রিলেট করতে পারছিলেন না, যার কারণে তিনি সেই চরিত্রটি ছেড়ে দিয়েছেন।