‘মনে কর এটাই লাক্ষাদ্বীপ…’,দুই দিনের ছুটিতে কোথায় বেড়াতে গেলেন অনামিকা-উদয়?

গত ২৮ জুন নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিংহ। টেলিভিশনের পরিচিত এই দুই মুখ ব্যক্তিগত জীবনেও একে অপরের পরিপূরক। বর্তমানে উদয় ‘পরিণীতা’ ধারাবাহিকে ব্যস্ত, অন্যদিকে অনামিকা সন্তানকে সময় দিচ্ছেন ঘরে থেকেই।

কাজের ব্যস্ততার মাঝে সংসার ও সম্পর্কের জন্য সময় বার করাটা আজকাল যেন বিলাসিতার মতো। তাই দু’দিনের ছুটি পেয়েই উদয় সিদ্ধান্ত নেন, স্ত্রীকে নিয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে বেরিয়ে পড়বেন শহরের কোলাহল থেকে দূরে।

ছোট্ট এই ট্রিপের ডেস্টিনেশন ছিল মন্দারমনি। অনামিকা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে, বড় একটি টলি ব্যাগ নিয়ে রওনা হয়েছেন দু’জনে। পোশাকে একেবারে সাধারণ, কিন্তু চেহারায় ফুটে উঠেছে পরিপূর্ণতা।

যাত্রাপথে দু’জনের খুনসুটি মন ছুঁয়ে যায়। কখনও উদয় তামিল ভাষায় কিছু বলে স্ত্রীর মন জয় করছেন, তো কখনও বেশি স্পিডে গাড়ি চালানোর জন্য অনামিকার খোঁচা—সব মিলিয়ে যেন রিয়েল লাইফ রোমান্সের এক মিষ্টি মুহূর্ত।

“আমরা গরিব তাই মন্দারমনি এসেছি” – স্ত্রী বলতেই উদয়ের জবাব, “এটাই তো লাক্ষাদ্বীপ!”
সমুদ্রের ধারে দাঁড়িয়ে অনামিকার মুখে শোনা গেল রসিকতা—“আমরা গরিব, তাই মন্দারমনি এসেছি। তোমরা দেখো, আমাদের কী অবস্থা!”

তাঁর এই কথার জবাবে উদয়ের পালটা মন্তব্য,“মন থেকে দেখো… দেখবে এটাই লাক্ষাদ্বীপ, বা মরিশাস। আসলে জায়গা নয়, একসঙ্গে থাকাটাই আসল।”এই সহজ কথাগুলির মধ্যেই যেন লুকিয়ে থাকে এক সম্পর্কের গভীরতা, ভালোবাসা এবং পরিণতির পরিপক্বতা।

 

View this post on Instagram

 

A post shared by Anamika Chakraborty (@anamikachakraborty)

অনামিকা ভিডিওর ক্যাপশনে লেখেন—“তিন বছরের প্রেম, দু’ বছরের সংসার। কতবার ঝগড়া করেছি, মনে হয়েছে সব শেষ! কিন্তু আবার সব সামলে একে অপরের দিকে ফিরে এসেছি। কারণ, একে অপরকে ছাড়া আমরা অসম্পূর্ণ। তোমায় খুব ভালোবাসি।”

এই শব্দগুলিই যেন অনামিকা-উদয়ের দাম্পত্য জীবনের আসল প্রতিচ্ছবি—ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে ভালোবাসার দিকে ফেরা।