উইকেন্ড আসতেই লাফিয়ে বাড়ল আয়! ৩ দিনে কত কোটি আয় করল রাজকুমারের ভুল চুক মাফ?

রাজকুমার রাও অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভুল চুক মাফ’ বক্স অফিসে শুরুটা ধীর গতিতে করলেও, উইকেন্ডে আয়ের পরিমাণ অভাবনীয়ভাবে বেড়েছে। মাত্র তিন দিনেই ছবিটি ২৭ কোটি ৭৫ লাখ টাকা ঘরে তুলেছে, যা নির্মাতাদের জন্য স্বস্তির খবর।
সচনিল্কের তথ্য অনুযায়ী, ‘ভুল চুক মাফ’ ছবিটি রবিবার (২৫শে মে), অর্থাৎ মুক্তির তৃতীয় দিনে ১১ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। এর ফলে, প্রথম তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৭৫ লাখ টাকায়।
ছবিটি ২৩শে মে মুক্তি পেয়ে প্রথম দিন ৭ কোটি টাকা দিয়ে বক্স অফিসে খাতা খোলে। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ বেড়ে ৯ কোটি ৫০ লাখ টাকা হয়, এবং রবিবার সেটি আরও অনেকটাই বৃদ্ধি পায়।
পর্যবেক্ষণে দেখা গেছে, ‘ভুল চুক মাফ’ ছবিটি মূলত ইভিনিং শোগুলোতেই দর্শকদের বেশি টানছে। এই সময়ে হলগুলোতে অকুপেন্সি ৪৩.৯৬ শতাংশ থাকছে। এরপর দুপুরের শোতে ৩৫.৫১ শতাংশ দর্শক দেখা যাচ্ছে। রাত এবং সকালের শোগুলোতে তুলনামূলক কম দর্শক উপস্থিত হচ্ছেন।
বক্স অফিসে ‘ভুল চুক মাফ’ রাজকুমার রাওয়ের আগের ছবি ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’-এর তুলনায় ভালো পারফর্ম করছে। ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ প্রথম দিন ৫ কোটি ৫০ লাখ টাকা এবং দ্বিতীয় দিন ৬ কোটি ৯০ লাখ টাকা আয় করেছিল, যা ‘ভুল চুক মাফ’-এর চেয়ে অনেকটাই কম।
তবে, ‘স্ত্রী ২’ ছবির মতো বক্স অফিসে ঝড় তুলতে বা তুমুল ব্যবসা করতে ‘ভুল চুক মাফ’ পারেনি। ‘স্ত্রী’ ছবিটি প্রথম দিন ৫১ কোটি ৮০ লাখ টাকা এবং দ্বিতীয় দিন ৩১ কোটি ৪০ লাখ টাকা আয় করেছিল।
‘ভুল চুক মাফ’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি। ম্যাডক ফিল্মস এই ছবিটি প্রযোজনা করেছে। কিছুদিন আগে ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া অশান্তির আবহের কারণে ছবিটি বড় পর্দার বদলে OTT-তে মুক্তির কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু নির্মাতাদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পিভিআর এবং আইনক্স কোর্টের দ্বারস্থ হয়। এরপর ২৩শে মে ছবিটি বড় পর্দায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।