“আলিয়া পূজার তুলনায় কম সুন্দরী, কম সেক্সি”, বললেন দাদা রাহুল ভাট

বলিউডের ভাট পরিবারের সদস্যদের মন্তব্য বরাবরই সংবাদ শিরোনামে থাকে। এবার চর্চায় মহেশ ভাটের ছেলে রাহুল ভাট। সম্প্রতি একটি পডকাস্টে রাহুল তাঁর দুই বোন পূজা ভাট এবং আলিয়া ভাটের তুলনা করে মন্তব্য করেছেন, যা নিয়ে শোরগোল নেটদুনিয়ায়।
রাহুল ভাটকে আলিয়া এবং পূজার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যদি আমার আপন বোন পূজা ভাট আর আলিয়া ভাটের তুলনা করি, তাহলে বলব, আলিয়া পূজার তুলনায় কম সুন্দরী, কম প্রতিভাবান, কম সেক্সি। পূজার অর্ধেকের কাছাকাছিও আলিয়া পৌঁছাতে পারেনি। যদি আমাদের সমস্ত ভাই-বোনদের মধ্যে তুলনা করি, তাহলে অবশ্যই বলব, পূজার ধারেকাছে কেউ নেই।” তাঁর মতে, পূজা ভাটই তাঁদের বাবা মহেশ ভাটের উত্তরাধিকার বহন করার যোগ্য।
রাহুলের এমন মন্তব্যের পর নেটমাধ্যমে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। অনেকে মনে করছেন, ভাট পরিবারের কিছু সদস্য আলোচনায় থাকার জন্যই এমন মন্তব্য করেন। দুই বোনের মধ্যে এই ধরনের তুলনা করা একেবারেই অনুচিত বলেও মন্তব্য করেছেন অনেকে। আবার কেউ কেউ আলিয়ার বলিউডে কাজের দীর্ঘ তালিকা এবং সাফল্য তুলে ধরে বলেছেন যে দীপিকা পাড়ুকোন ছাড়া আলিয়ার সমকক্ষ এই মুহূর্তে আর কেউ নেই এবং ভবিষ্যতেও আলিয়া আরও ভালো কাজ করবেন।
উল্লেখ্য, ওই পডকাস্টে রাহুল ভাটকে মহেশ ভাট এবং পূজা ভাটের একটি পুরনো বিতর্কিত ম্যাগাজিন কভার নিয়েও প্রশ্ন করা হয়, যেখানে বাবা-মেয়েকে চুমু খেতে দেখা গিয়েছিল। এই প্রসঙ্গে রাহুল বলেন যে সেলিব্রিটি পরিবারে অনেক কিছুই স্বাভাবিক হয়ে যায় এবং এই ধরনের বিতর্ক আসতেই থাকে। তবে তাঁরা আসল সত্যিটা জানেন, তাই এসব নিয়ে বিচলিত নন।