‘কথা’ সিরিয়াল এবার বলিউডে! সুস্মিতা-সাহেব কি থাকছেন? হদিশ দিলেন প্রসেনজিৎ

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ ইতিমধ্যেই বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছে। পর্দার ‘গোবর দেবী’ (সুস্মিতা দে) এবং ‘পাচক মশাই’ (সাহেব ভট্টাচার্য)-এর মিষ্টি প্রেমের গল্প এবং টানটান চিত্রনাট্য টিআরপি তালিকায় নিয়মিত ভালো ফল করছে। এমনকী যখন নতুন মেগাগুলি দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে, তখনও ‘কথা’ নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। এবার এই সফল বাংলা মেগার গল্পই পাড়ি দিল সর্বভারতীয় স্তরে, আসছে ‘কথা’-র হিন্দি সংস্করণ!

তবে না, বাংলা ধারাবাহিকের অভিনেত্রী সুস্মিতা দে বা অভিনেতা সাহেব ভট্টাচার্যকে হিন্দিতে দেখা যাবে না। এটি মূল বাংলা ধারাবাহিকের ডাব করা সংস্করণও নয়। স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকটির গল্প এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে হিন্দি ভাষায় তৈরি করা হচ্ছে, যেখানে অভিনয় করছেন বি-টাউনের অভিনেতারা।

এই হিন্দি রিমেকের হাত ধরেই প্রযোজক হিসেবে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন টলিউডের ‘ইন্ড্রাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর প্রযোজনা সংস্থাই স্টার প্লাসের জন্য তৈরি করেছে ‘কথা’ ধারাবাহিকের হিন্দি সংস্করণ। এটিই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিকের জগতে প্রথম প্রযোজনা। সম্প্রতি একটি ভিডিও সূত্রে জানা গেছে, মেগার লঞ্চ অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কলাকুশলীদের সঙ্গে দেখা গেছে।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

‘কথা’ ধারাবাহিকের এই হিন্দি রিমেকের নাম রাখা হয়েছে ‘কাভি নিম নিম, কাভি সায়েদ সায়েদ’। চলতি মাসের ২১ তারিখ থেকে এটি স্টার প্লাসের পর্দায় প্রতিদিন সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হওয়া শুরু হয়ে গেছে। বাংলা ধারাবাহিকের গল্পের বিপুল জনপ্রিয়তা এবং সফলতাই যে এটিকে হিন্দি রিমেক হওয়ার পথে চালিত করেছে, তা বলাই বাহুল্য।