নৈহাটির বড়মা-র মন্দিরে পূজা দিলেন যশ-নুসরত! ‘এঁরা দেখি ইদও পালন করে, আবার…’, ট্রোল নেটিজেনদের

চলতি মাসেই মুক্তি পেতে চলেছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান অভিনীত ছবি ‘আড়ি’। মা ও ছেলের সম্পর্কের গভীরতাকে তুলে ধরা এই ছবি মুক্তির আগে অভিনেতা যশ ও অভিনেত্রী নুসরত ছুটে গেলেন নৈহাটির বিখ্যাত বড়মা-র মন্দিরে পুজো দিতে। শুধু মায়ের গল্প নয়, এই ছবির মাধ্যমে যশ-নুসরত সকল মা-বাবাদের প্রতি সম্মান জানাতে চান বলেই জানিয়েছেন।
সম্প্রতি ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শক মহলে উত্তেজনা দেখা গিয়েছে। এবার ছবি মুক্তির আগে যশ ও নুসরতের মন্দিরে যাওয়া সেই আগ্রহ আরও বাড়িয়ে দিল। টলিউড অনলাইনের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, তারকা জুটি হাতে পুজোর ডালা নিয়ে মন্দিরে প্রবেশ করছেন। সাদা টি-শার্ট ও ধূসর জিন্সে যশের ক্যাজুয়াল লুক নজর কাড়ে। অন্যদিকে, নুসরত পরেছিলেন নেভি ব্লু রঙের ফ্লোরাল প্রিন্টের সালোয়ার-কামিজ ও গোলাপি ওড়না। হালকা মেকআপ ও ঝোলা কানের দুলে অভিনেত্রীকে স্নিগ্ধ দেখাচ্ছিল।
তাঁদের দু’জনকে বড়মার বিগ্রহের সামনে হাত জোড় করে প্রণাম করতে দেখা যায়। পুজোর শেষে পুরোহিত মশাই তাঁদের কপালে তিলক পরিয়ে দেন। শুধু যশ-নুসরত নন, তাঁদের সঙ্গে ছবির পরিচালক জিৎ চক্রবর্তীও মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে গিয়েছিলেন। প্রিয় তারকাদের মন্দিরে দেখতে পেয়ে অনুরাগীরা ভিড় জমান এবং যশ-নুসরতও হাসি মুখে সকলের সঙ্গে কথা বলেন।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ তাঁদের ধর্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন তো কেউ আবার বড়মার আশীর্বাদে ছবির সাফল্য কামনা করেছেন। একজন লিখেছেন, ‘জয় বড় মা। বড়মার আশীর্বাদ কখনও বিফলে যায় না। খুব ভালো এবং সুপার ব্লকবাস্টার সিনেমা হবে ‘আড়ি’।’
View this post on Instagram
প্রসঙ্গত, গত বুধবার ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যশ ও নুসরত জানিয়েছিলেন, এই ছবির প্রতিটি ধাপে তাঁদের মা-বাবা নানাভাবে জড়িয়ে রয়েছেন। নুসরত বলেন, ব্যস্ততার কারণে অনেক সময় আমরা মা-বাবাকে গুরুত্ব দিই না, কারণ আমরা ধরে নিই তাঁরা তো বুঝবেনই। তবে মা-বাবারাও সবসময় সবকিছু বোঝেন না। আজকের দিনে সম্পর্কের গভীরতা কমে যাচ্ছে। মানুষ সামাজিক জীব, তাই সম্পর্কে বাঁধা থাকা জরুরি। এই ছবি সম্পর্কের বাঁধনের গল্প বলবে। বক্স অফিসে ছবির ফল কেমন হবে, তা নিয়ে তাঁরা ভাবছেন না, বরং একটি আবেগপূর্ণ দিক থেকে কাজটি শুরু করেছিলেন বলেই জানান নুসরত।
যশের কথায়, ছবিটি সেই সকল মানুষদের ভালো লাগবে, যাঁদের জন্য এটি বানানো হয়েছে। তিনি বলেন, আজকাল আমরা এতটাই ব্যস্ত যে কবে শেষবার বাবাকে জড়িয়ে ধরে বেরিয়েছি বা মায়ের গালে চুমু খেয়েছি, তা মনে নেই। এই ছবি সেই অনুভূতিগুলো জাগিয়ে তুলবে। তাই তিনি চান দর্শক যেন তাঁদের মা-বাবা অথবা ছেলে-মেয়েদের সঙ্গে জুটি বেঁধে এই ছবি দেখেন।
‘আড়ি’ ছবিটি প্রযোজনা করছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মস। এই ছবিতে যশের মায়ের চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে, যিনি বহু বছর পর বাংলা ছবিতে ফিরছেন। ছবিটি চলতি মাসের ২৫ তারিখে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত।