টানটান উত্তেজনা ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে, বিয়ে কি তাহলে হবে না অপু-আর্যর? দেখুন

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ ক্রমশ দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে। সন্ধ্যা সাড়ে ৬টার স্লটে সম্প্রচারিত এই সিরিয়ালটি ইতিমধ্যেই জি বাংলার ‘গীতা এলএলবি’-কে টিআরপি-র লড়াইয়ে পিছনে ফেলে দিয়েছে। গত সপ্তাহেও জিতু কমল ও দিতিপ্রিয়া রায় অভিনীত এই ধারাবাহিকের টিআরপি ছিল ৬.০, যা এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ।
ধারাবাহিকের বর্তমান পর্বে দেখা যাচ্ছে, সাধারণ ঘরের মেয়ে অপুকে মনে মনে পছন্দ করতে শুরু করেছেন প্রভাবশালী ব্যবসায়ী আর্য। যদিও নিজের মনের এই অনুভূতি নিজের কাছে স্বীকার করতেও দ্বিধা বোধ করছেন তিনি। অন্যদিকে, বয়সের বিস্তর ফারাক থাকা সত্ত্বেও, আর্য স্যারের প্রতি গভীর ভালোবাসা অনুভব করছে অপু। শুধু তাই নয়, সে ইতিমধ্যেই আর্যকে নিয়ে বিয়ের স্বপ্নও দেখতে শুরু করেছে।
তবে গল্পের মোড় ঘুরেছে যখন অপুর মায়ের কথায় প্রভাবিত হয়ে আর্য, অপুকে তার পরিবারের ঠিক করা পাত্রকে বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করে। এতেই অপুর মনে অভিমান জন্ম নেয় এবং সে রীতিমতো ভেঙে পড়ে। সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, অপু আর্যকে সরাসরি প্রশ্ন করছে, “আমার ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে, আপনি নিজেকে ভুল বোঝাচ্ছেন না তো!” এরপর সে আরও দৃঢ়ভাবে বলে, “আমি যে মানুষটাকে ভালোবাসি, সেই মানুষটা একদিন আমার সামনে এসে দাঁড়িয়ে বলবে, আমি তোমাকে ভালোবাসি।” এখন দেখার বিষয়, আর্য কি শেষ পর্যন্ত অপুর গভীর ভালোবাসার কথা বুঝতে পারবে?
প্রথমে শোনা গিয়েছিল, এই ধারাবাহিকে পুনর্জন্মের একটি ট্র্যাক থাকবে। তবে আপাতত গল্প এগিয়েছে এই অসম বয়সের প্রেম এবং তার জটিলতাকে কেন্দ্র করে। এর পাশাপাশি আভাস দেওয়া হয়েছে আর্যর অতীত, অর্থাৎ তার স্ত্রী রাজনন্দিনীকে নিয়ে। খবর অনুযায়ী, আর্য বহু বছর আগেই তার স্ত্রীকে হারিয়েছে এবং রাজনন্দিনীর মৃত্যুর দীর্ঘ সময় পর সে অপুকে বিয়ে করবে। এমন সম্ভাবনাও রয়েছে যে, আর্যর মৃত স্ত্রীর সঙ্গে অপুর চেহারায় কোনো বিশেষ মিল থাকতে পারে। তবে এই রহস্যের জট খুলবে গল্পের পরবর্তী ধাপে। একথা স্পষ্ট যে, আর্যর চরিত্রের বিভিন্ন স্তর দর্শকদের সামনে উন্মোচিত হবে।
অন্যদিকে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যে, আর্যই নাকি তার আগের স্ত্রী রাজনন্দিনীর মৃত্যুর জন্য দায়ী। এবং বিয়ের পর অপু সেই সত্যি জানতে পারবে এবং প্রতিশোধ নেবে। এমনকি, ধারাবাহিকের শেষ পরিণতিতে আর্যর আত্মহত্যারও ইঙ্গিত রয়েছে। একটি অংশের দর্শক দাবি করছেন, ‘চিরদিনই তুমি যে আমার’ আসলে একটি জনপ্রিয় তামিল ধারাবাহিকের বাংলা সংস্করণ। তবে গল্পের আসল মোড় এবং পরিণতি জানার জন্য দর্শকদের চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।