চার বছর পর পর্দায় আমির খান, মোড় ঘুরছে ‘লাল সিং চাড্ডা’র ব্যবসার!

চার বছর পর বড় পর্দায় আমির খান। কিন্তু প্রথম দিনে হতাশ করেছে দর্শক। তবে আশার বিষয় হলো, তৃতীয় দিনে বক্স অফিসে কালেকশন বেড়েছে ৩০ শতাংশ।
ওপেনিং ডে-তে মাত্র ১২ কোটি আয় করেছে ‘লাল সিং চাড্ডা’। তারপর দ্বিতীয় দিন এই ছবি ঘরে তুলেছে ৭ কোটি। তৃতীয় দিনে এই ছবি ৩০ শতাংশ আয় বাড়াতে সক্ষম হয়েছে। কারণ ছিল উইকেন্ড।
শনিবারে এই ছবির কালেকশন সাড়ে আট থেকে নয় কোটি। এতে, তিন দিনে এই ছবির বক্স অফিস কালেকশন প্রায় ২৮ কোটি।
‘লাল সিং চাড্ডা’ ছবিটি বয়কট করার ডাক দেয়া হয়েছে সামাজিক মাধ্যমে। আইনি জটিলতাতেও পড়েছে এই ছবি। সব মিলিয়ে ‘লাল সিং চাড্ডা’ ১০০ কোটির ক্লাবে পৌঁছাতে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।
অস্কারজয়ী হলিউডি চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’র রিমেক হিসেবে ‘লাল সিং চাড্ডা’ তৈরি করেছেন আমির খান। সিনেমার প্রযোজক তিনি, প্রধান ভূমিকায় অভিনয়েও তিনি। অদ্বৈত চন্দনের পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি ১১ আগস্ট মুক্তি পেয়েছে।