‘বুড়ো সালমান, ৩১ বছরের ছোট রশ্মিকার নায়ক হয়েছেন’! ট্রোল নেটিজেনদের, কড়া জবাব ভাইজানের

২৩ মার্চ মুক্তি পেয়েছে সলমন খানের নতুন সিনেমা ‘সিকান্দার’-এর ট্রেলার। ছবিতে তাঁর বিপরীতে আছেন ২৮ বছরের রশ্মিকা মান্দানা। কিন্তু নায়ক-নায়িকার ৩১ বছরের বয়সের পার্থক্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা চলছে। অনেকেই সলমনকে ‘বুড়ো’ বলে ট্রোল করতে ছাড়েননি। তবে এবার সেইসব সমালোচকদের কড়া জবাব দিলেন ভাইজান নিজেই।

রবিবার মুম্বইতে ‘সিকান্দার’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন সলমন, রশ্মিকা-সহ ছবির কলাকুশলীরা। সেখানেই অল্পবয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা নিয়ে ট্রোলের প্রসঙ্গ টেনে আনেন সলমন নিজেই। তিনি বলেন,”অনেকে আমার আর রশ্মিকার বয়সের ব্যবধান নিয়ে কথা বলছে। কিন্তু যখন নায়িকার এতে সমস্যা নেই, ওর বাবারও নেই, তাহলে অন্যদের এত মাথাব্যথা কেন?”

এরপর রসিকতার ছলে সলমন বলেন,”ও যখন বিয়ে করবে, সন্তান হবে, তখন তাঁদের সঙ্গেও কাজ করব। মায়ের অনুমতি তো পেয়ে যাব!”

সলমনের এই কথা শুনে লজ্জায় হেসে মুখ ঢাকতে দেখা যায় রশ্মিকাকে। তবে নেটিজেনদের একাংশ অভিনেতার এই মন্তব্যকে মজার ছলে নিলেও, অনেকেই একে অপ্রাসঙ্গিক ও বিতর্কিত বলেই মনে করছেন।

ট্রেলারে ‘লার্জার দ্যান লাইফ’ অবতারে দেখা গিয়েছে সলমনকে। ছবির কাহিনিতে তিনি মুম্বইয়ের এক ভয়ংকর অপরাধ চক্রের বিরুদ্ধে লড়ছেন। এতে তাঁর প্রেমিকার ভূমিকায় রয়েছেন রশ্মিকা। ছবির পরিচালনায় আছেন এ.আর. মুরুগাদোস, যিনি ‘গজনি’, ‘থুপ্পাক্কি’, ও ‘সরকার’-এর মতো হিট ছবি বানিয়েছেন।

এই ইদেই মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’, যেখানে কাজল আগরওয়ালকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সাজিদ নাদিয়াদওয়ালার ব্যানারে নির্মিত এই ছবি কি বক্স অফিসে বাজিমাত করবে, সেটাই এখন দেখার!