তৃপ্তির সঙ্গে রোমান্সে লিপ্ত স্বামী ভিকি, কেমন প্রতিক্রিয়া ছিল ক্যাটরিনার?

সদ্য জার্মানি থেকে ফিরেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গুঞ্জন চলছে তিনি নাকি মা হতে চলেছেন। জার্মানি যাওয়ার আগে যতবারই তিনি জনসমক্ষে এসেছেন, প্রত্যেকবারই তার পরনে ছিল ঢিলেঢালা পোশাক। ফলে গুঞ্জন আরও পাখা পেয়েছে।

জার্মানিতে বেশ কয়েকদিন কাটিয়ে এসেছেন ক্যাটরিনা। এটি তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও উসকে দিয়েছে। এর মধ্যেই তৃপ্তি দিমরির সঙ্গে স্বামী ভিকি কৌশলের পর্দার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে চলছে আলোচনা। বিমানবন্দরে ক্যাটরিনা মুখোমুখি হন পাপারাৎজিদের।

এর আগে এ ধরনের দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি ভিকিকে। ক্যাটরিনাকে বিমানবন্দরে দেখার পর তা নিয়ে তাকে প্রশ্ন করতে চেয়েছিলেন সাংবাদিকরা। কিন্তু সব প্রশ্নই এড়িয়ে গিয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন এবং ভিকির পর্দা-রোমান্স নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি।

ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ তৃপ্তি দিমরির। ‘বুলবুল’,’কালা’র মতো ছবিতে তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তারপর বড়পর্দায় তাকে দেখা যায় ‘অ্যানিম্যাল’ ছবিতে। রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করেন তিনি। এরপর তৃপ্তি হয়ে ওঠেন দেশের ক্রাশ।