বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন জাভেদ, যার দাম আকাশ ছোঁয়া!

মুম্বাই শহরের জুহুতে বিলাসবহুল একটি ফ্ল্যাট কিনলেন গীতিকার জাভেদ আখতার। জানা গেছে, গতকাল ২ জুলাই বাড়ি কেনার যাবতীয় প্রক্রিয়া শেষ করেছেন তিনি। ১২০০ বর্গফুটের এই ফ্ল্যাট আগে থেকেই তৈরি ছিল।

৭.৭৮ কোটি টাকা দিয়ে এই নতুন সম্পত্তি কিনেছেন তিনি। ৩০ হাজার টাকাতে বাড়ির রেজিস্ট্রেশন করেন, সঙ্গে ৪৬.০২ লক্ষ টাকা ব্যয় করেছেন স্ট্যাম্প ডিউটির জন্য।

জুহুর সম্রাট বিল্ডিং-এ এই বিলাসবহুল ফ্ল্যাট। মুম্বাই শহরের সম্ভ্রান্ত এলাকা এটি। এই বহুতলের আশপাশে রয়েছে বলিউডের আরও বেশ কয়েক জন তারকার বাড়ি। কিন্তু নতুন বাসস্থানে কবে থেকে গীতিকার থাকা শুরু করছেন, সেই বিষয়ে এখনও জানা যায়নি।

কিছু দিন আগেই সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবির একটি দৃশ্য নিয়ে কথা বলে খবরের শিরোনামে উঠে এসেছিলেন জাভেদ আখতার। এই ছবিতে একটি দৃশ্য রয়েছে যেখানে রণবীর কাপুর অভিনীত চরিত্রটি তৃপ্তি দিমরি অভিনীত চরিত্রকে জুতো চাটতে বলে। এই দৃশ্য নিয়ে বিতর্ক কম হয়নি।