টি ২০ ওয়ার্ল্ড কাপ জয় ভারতের, রবিবারে ‘জিতে গেছি’ লিখে উচ্ছ্বাস আলিয়া ভাটের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন শিরোপা জিতে নেয় ভারত। শনিবার রাতে সারা দেশে শুভেচ্ছার বন্যা। টলিউড, বলিউডের একাধিক তারকাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু হট্টগোল বাঁধল আলিয়া ভাটের পোস্টে। ভারতীয় টিমকে জয়ের শুভেচ্ছা জানিয়ে একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। আর তাতেই নেটদুনিয়ায় হাসির খোরাক হলেন আলিয়া।
না, এবার আর বানান কিংবা তথ্যগত ভুল করেননি। তবে ভারতীয় ক্রিকেট টিম বিশ্বজয় করেছে শনিবার রাতে। আর অভিনেত্রী “আমরা জিতে গেছি” বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রবিবার সকালে। এতেই ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষের মুখে পড়েন তিনি।
আলিয়ার পোস্টেরই কমেন্টবক্সে একজন লিখেছেন, “ভালো হয়েছে বলে দিলেন, আমরা তো জানতামই না। এত তাড়াতাড়ি কেন বললেন?” আরেকজন আবার আলিয়াকে প্রশ্ন করেন, “এতক্ষণ কোথায় ছিলেন?” কারও আবার দাবি আলিয়া ঘুমিয়ে পড়েছিলেন। উঠে যখন দেখলেন ভারত ম্যাচ জিতে গেছে। সঙ্গে সঙ্গে ছবি পোস্ট করে দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে বলিউড অভিষেকের সময়ে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা করণ জোহরের শোতে অতিথি হয়ে গিয়েছিলেন। সেই শোতে রাষ্ট্রপতির নাম ভুল বলেছিলেন আলিয়া। তাতেই সারা দেশে শোরগোল পড়ে যায়। যদিও সে সময় দক্ষভাবেই বিষয়টি সামাল দিয়েছিলেন অভিনেত্রী। নিজের ভুল নিয়ে রসিকতা করে নিজেই ভিডিও তৈরি করেছিলেন। এবারেও বিষয়টিকে হালকাভাবেই হয়তো নেবেন আলিয়া। এমনই আশা অনুরাগীদের।